বিশেষ প্রতিনিধি:
দেশের ক্রমবর্ধমান জনসংখ্যার খাদ্য ও পুষ্টির চাহিদা পূরণে কৃষি গবেষণার পরিধি আরও বিস্তৃত করার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জলবায়ু পরিবর্তন এবং বৈশ্বিক পরিস্থিতির চ্যালেঞ্জ মোকাবিলায় কৃষি বিজ্ঞানীদের উদ্ভাবনী গবেষণায় গুরুত্ব দেওয়ার পাশাপাশি গবেষণালব্ধ প্রযুক্তি কৃষকের কাছে পৌঁছে দেওয়ার ওপর জোর দিয়েছেন তিনি।
১৫ অক্টোবর বৃহস্পতিবার গাজীপুরে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বারি) উচ্চ বিদ্যালয় মাঠে ‘নিরাপদ খাদ্য উৎপাদন ও পুষ্টি নিরাপত্তায় বিআরআই-এর অবদান, বর্তমান অগ্রগতি, চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ পরিকল্পনা’ শীর্ষক উপস্থাপনা ও মতবিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রাষ্ট্রপতি বলেন, পরিবর্তিত জলবায়ু ও বৈশ্বিক বাস্তবতায় কৃষিকে টেকসই ও উৎপাদনমুখী করতে নতুন প্রযুক্তি এবং উন্নত ফসলের জাত উদ্ভাবন করতে হবে। একই সঙ্গে গবেষণার সুফল কৃষকের কাছে পৌঁছে দেওয়া এবং উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করতে কার্যকর উদ্যোগ গ্রহণ জরুরি।
অনুষ্ঠানে যোগ দেওয়ার আগে রাষ্ট্রপতি বারির প্রধান কার্যালয়ে পৌঁছালে কৃষিমন্ত্রী আমিন উর রশিদ, স্থানীয় সংসদ সদস্য এম মঞ্জুরুল করিম রনি, গাজীপুর সিটি করপোরেশনের প্রশাসক শওকত হোসেন সরকার, জেলা পরিষদের প্রশাসক, জেলা প্রশাসক নুরুল করিম ভূঁইয়া, মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ ইসরাইল হাওলাদার, জেলা পুলিশ সুপার জসিম উদ্দিনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা তাঁকে স্বাগত জানান। পরে বাংলাদেশ পুলিশের একটি চৌকস দল তাঁকে গার্ড অব অনার প্রদান করে।
পরে রাষ্ট্রপতি বারির ‘জিন ব্যাংক’ পরিদর্শন করেন এবং বৃক্ষরোপণ করেন। এ সময় তিনি ইনস্টিটিউটের বিভিন্ন প্রযুক্তি প্রদর্শনীর স্টল ঘুরে দেখেন এবং কৃষি গবেষণায় উদ্ভাবিত বিভিন্ন প্রযুক্তি ও অগ্রগতি সম্পর্কে অবহিত হন।
মতবিনিময় অনুষ্ঠানে কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিনুর রশিদ বলেন, কৃষির উন্নয়ন ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে উৎপাদন বৃদ্ধির পাশাপাশি ফসল সংরক্ষণ ও বাজারজাতকরণ ব্যবস্থার আধুনিকায়ন প্রয়োজন। বাংলাদেশের কৃষিকে বিশ্ববাজারের উপযোগী করে গড়ে তুলতে গবেষণা, প্রযুক্তির ব্যবহার ও দক্ষতা বৃদ্ধির ওপর গুরুত্ব দিতে হবে।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বারির মহাপরিচালক ড. মো. মনজুরুল কাদির। তিনি ইনস্টিটিউটের বিভিন্ন গবেষণা, উদ্ভাবন ও প্রযুক্তি সম্প্রসারণ কার্যক্রমের অগ্রগতি তুলে ধরেন।
নিরাপদ খাদ্য উৎপাদন ও পুষ্টি নিরাপত্তায় বারির অবদান, বর্তমান অগ্রগতি, চ্যালেঞ্জ এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে তথ্যভিত্তিক উপস্থাপনা করেন বারির পরিচালক (সেবা ও সরবরাহ) ড. মো. মোশাররফ হোসেন মোল্লা।
এছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, কৃষি বিজ্ঞানী, বারির বিভিন্ন কেন্দ্র, বিভাগ ও শাখার জ্যেষ্ঠ বিজ্ঞানী এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।
আলোকিত প্রতিদিন /১৫ অক্টোবর /২০২৬/মওম

