আলোকিত ডেস্ক: ঢাকা: বাংলাদেশের সংগীতাঙ্গনের সুপরিচিত ও জনপ্রিয় কণ্ঠশিল্পী বাবুল রেজার জন্মদিন আজ (১৫ অক্টোবর)। দীর্ঘ আড়াই দশকেরও বেশি সময়ের সংগীতজীবনে সুমেধ্য কণ্ঠ ও পরিশীলিত গায়নশৈলী দিয়ে তিনি গড়ে তুলেছেন নিজস্ব এক পরিচিতি।
দীর্ঘ এই পথচলায় আধুনিক গান, চলচ্চিত্রের গান, টেলিফিল্ম, জিংগেল, স্টেজ শো, বেতার ও টেলিভিশনে প্রায় এক হাজার গানে কণ্ঠ দিয়েছেন তিনি। তাঁর জনপ্রিয় একক অ্যালবামের মধ্যে রয়েছে—‘তোমার নিঃশ্বাসে ছিল বিষ’, ‘একা একা কেঁদে যাই’, ‘প্রেয়সী দেখা দাও’ এবং ‘এক জীবনের গল্প’।
বাবুল রেজা বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) উচ্চ শ্রেণি এবং বাংলাদেশ বেতারের বিশেষ গ্রেডের একজন নিবন্ধিত সংগীতশিল্পী। সংগীতে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি বিভিন্ন সম্মাননায় ভূষিত হয়েছেন।
গুণী এই শিল্পীর শুভ জন্মদিনে সংগীতাঙ্গনের সহকর্মী ও ভক্ত-শ্রোতারা তাঁকে আন্তরিক শুভেচ্ছা ও শুভকামনা জানিয়েছেন।
আলোকিত প্রতিদিন/এপি

