আজ , ।   

জাবিতে বর্ণাঢ্য আয়োজনে চিঠি উৎসব ও ডাকটিকিট প্রদর্শনী অনুষ্ঠিত

আরো খবর

জাবি প্রতিনিধি:

​ডিজিটাল যুগের ভিড়ে হারিয়ে যেতে বসা চিঠি লেখার আবেগ ও ঐতিহ্যকে ফিরিয়ে আনা এবং তরুণ প্রজন্মের কাছে দেশের সমৃদ্ধ ইতিহাস-সংস্কৃতি তুলে ধরার লক্ষ্যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) অনুষ্ঠিত হয়েছে ‘চিঠি উৎসব ও ডাকটিকিট প্রদর্শনী’। বিশ্ব ডাক দিবস উপলক্ষে বাংলাদেশ ডাক বিভাগের সহযোগিতায় এ বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হয়।
​রোববার (১১ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের সেলিম আল দীন মুক্তমঞ্চে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ আয়োজনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল ইসলাম।

​উদ্বোধনী অনুষ্ঠানে ডাক অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (ডাক সার্ভিস) মো. জাকির হাসান নূর, অতিরিক্ত মহাপরিচালক (পরিকল্পনা) খান হাসান মোহাম্মদ ইকবাল মাসুদ, মেট্রোপলিটন সার্কেলের পোস্টমাস্টার জেনারেল মৌসুমী রহমান, অতিরিক্ত পোস্টমাস্টার জেনারেল শরীফ লতীফ, ঢাকা জিপিওর সিনিয়র পোস্টমাস্টার মোহাম্মদ মনিরুজ্জামান এবং ঢাকা বিভাগের ডেপুটি পোস্টমাস্টার জেনারেল আতিয়া সুলতানা সহ ডাক অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

আয়োজকরা জানান, ডিজিটাল যোগাযোগের যুগে চিঠি লেখার আবেগ, আন্তরিকতা ও ঐতিহাসিক গুরুত্ব তরুণদের সামনে তুলে ধরাই এই চিঠি উৎসবের মূল উদ্দেশ্য। প্রযুক্তির দ্রুত বিকাশে যোগাযোগের ধরণ বদলালেও চিঠির সঙ্গে জড়িয়ে থাকা স্মৃতি ও আবেগ আজও বিশেষ তাৎপর্য বহন করে।

​অন্যদিকে, প্রদর্শনীতে স্থান পাওয়া ডাকটিকিটগুলোর মাধ্যমে বাংলাদেশের ইতিহাস, সংস্কৃতি, গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব ও জাতীয় অর্জনের বিভিন্ন দিক উপস্থাপন করা হয়। প্রদর্শনীটি শিক্ষার্থীদের মাঝে ডাকটিকিট সংগ্রহ (ফিলাটেলি) ও ইতিহাস চর্চায় নতুন আগ্রহ তৈরি করেছে।

​আয়োজক সূত্রে আরও জানানো হয়, বাংলাদেশ ডাক বিভাগ দেশের সর্বস্তরের মানুষের যোগাযোগের অন্যতম প্রাচীন ও বিশ্বস্ত মাধ্যম। আধুনিক প্রযুক্তির সাথে তাল মিলিয়ে সেবা আধুনিকায়নের পাশাপাশি এমন ঐতিহ্যবাহী উদ্যোগগুলো তরুণদের মানবিক অনুভূতি ও জাতীয় ঐতিহ্যের প্রতি সচেতন করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আলোকিত প্রতিদিন /১১ অক্টোবর /২০২৬/মওম

- Advertisement -
- Advertisement -