রবিউল হাসান রাজিব:
ফরিদপুরের চরভদ্রাসনে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) পৃথক অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাঁদের ভিন্ন ভিন্ন মেয়াদে কারাদণ্ড ও জরিমানা করা হয়।
৮ অক্টোবর বৃহস্পতিবার সকাল ৭টা থেকে সাড়ে ৮টা পর্যন্ত গোপন সংবাদের ভিত্তিতে চরভদ্রাসন উপজেলার গাজিরটেক ইউনিয়নের চর হাজীগঞ্জের বেপারীডাঙ্গী ও বিন্দু ডাঙ্গী এলাকায় এ অভিযান চালানো হয়।
আটককৃতরা হলেন—বিন্দু ডাঙ্গী গ্রামের শেখ মোকলেছের মেয়ে রিমা আক্তার এবং বেপারীডাঙ্গী গ্রামের আবুল মৃধার ছেলে রাশেদ মৃধা। অভিযানকালে নিজ নিজ বাড়ি থেকে ইয়াবা সেবনরত অবস্থায় ৫ পিস ইয়াবাসহ রিমা আক্তার এবং ৩ পিস ইয়াবাসহ রাশেদ মৃধাকে আটক করা হয়।
ডিএনসি সূত্র জানায়, ফরিদপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক সাইফুলের নেতৃত্বে একটি টিম এ অভিযান পরিচালনা করে। এ সময় আটককৃতদের কাছ থেকে ইয়াবা ট্যাবলেট ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার করা হয়।
আটকের পর চরভদ্রাসন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. জুলহাস হোসেন সৌরভ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। তিনি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী রিমা আক্তারকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা এবং রাশেদ মৃধাকে ১ মাসের কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা প্রদান করেন। মামলায় প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন ডিএনসি ফরিদপুর জেলা কার্যালয়ের (ক. সার্কেল) পরিদর্শক বেলায়েত হোসেন।
উল্লেখ্য, আটক রিমা আক্তার গত ২৭ জুলাই ২০২৬ তারিখের চরভদ্রাসন থানার ০২ নং মামলার ৫ নম্বর এজাহারনামীয় আসামি।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ফরিদপুরের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকের বিরুদ্ধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে জেলায় এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।
আলোকিত প্রতিদিন /০৮ অক্টোবর /২০২৬/মওম

