বিনোদন ডেস্ক: বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত প্রীতম-শেহতাজের, কারণ জানালেন দুজনই দীর্ঘ ১০ বছরের পথচলার পর দাম্পত্য জীবনের ইতি টানার সিদ্ধান্ত নিয়েছেন সংগীতশিল্পী ও অভিনেতা প্রীতম হাসান এবং অভিনেত্রী ও গায়িকা শেহতাজ মনিরা। পারস্পরিক সমঝোতা ও সৌহার্দ্যপূর্ণভাবেই তারা বৈবাহিক সম্পর্ক শেষ করার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন শেহতাজ।
গতকাল রোববার (৪ অক্টোবর) রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া আলাদা পোস্টে তারা এ সিদ্ধান্তের কথা জানিয়েছেন তার দু’জন।
প্রীতম তার পোস্টে লিখেছেন, ‘পারস্পরিক বোঝাপড়ায় আমাদের দশ বছরের পথচলার পর আমাদের বৈবাহিক সম্পর্কের ইতি টানার সিদ্ধান্ত নিয়েছি।
একসঙ্গে কাটানো সময়ের জন্য কৃতজ্ঞতার কথাও জানিয়েছেন প্রীতম। তিনি লিখেছেন, ‘একসঙ্গে কাটানো সময়, স্মৃতি ও অভিজ্ঞতার জন্য আমরা দুজনই কৃতজ্ঞ। একে অপরের প্রতি আমাদের সম্মান ও শুভকামনা সব সময়ই থাকবে।’
তার ভাষ্যে এমন সিদ্ধান্ত নেওয়ার কারণ, সময়ের সঙ্গে তারা উপলব্ধি করেছেন, পারস্পরিক বোঝাপড়ার কিছু বড় পার্থক্যের কারণে আলাদা পথে এগিয়ে যাওয়াই দুজনের জন্য ভালো হবে।
সিদ্ধান্তটি হঠাৎ নেওয়া নয় বলেও জানিয়েছেন এই সংগীতশিল্পী। অনেক ভেবেচিন্তে, নিজেদের মধ্যে আলোচনা এবং পরিবারের সমর্থন ও সম্মতি নিয়েই তারা এ সিদ্ধান্তে পৌঁছেছেন। বর্তমানে বিবাহবিচ্ছেদের প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছেন তারা।
শেহতাজও নিজের ফেসবুক পোস্টে প্রায় একই কথা জানিয়েছেন। ওই পোস্টে তিনি লেখেন, ‘প্রীতম ও আমি একসঙ্গে ১০ বছর পথচলার পর পারস্পরিক সমঝোতা ও সৌহার্দ্যপূর্ণভাবে আমাদের বিবাহিত জীবনের ইতি টানার সিদ্ধান্ত নিয়েছি আমরা’
তিনি লেখেন, ‘আমরা একসঙ্গে ভাগ করে নেওয়া স্মৃতিগুলোর জন্য কৃতজ্ঞ এবং এখনো একে অপরের প্রতি যত্নশীল। তবে সময়ের সঙ্গে আমরা উপলব্ধি করেছি যে, পারস্পরিক বোঝাপড়ার অভাবে আলাদা পথ চলাই আমাদের জন্য ভালো। অনেক ভেবেচিন্তে আমরা এই সিদ্ধান্তে পৌঁছেছি। আমাদের পরিবারের সমর্থন নিয়ে আমরা এখন বিবাহবিচ্ছেদের প্রক্রিয়ায় এগিয়ে যাচ্ছি।
এ বিষয়ে বন্ধু, সহকর্মী ও গণমাধ্যমের কাছে তাদের ব্যক্তিগত গোপনীয়তা রক্ষার অনুরোধ করেছেন শেহতাজ। জীবনের নতুন অধ্যায়ে প্রবেশের এই সময়ে সবার সহমর্মিতা ও সমর্থনের জন্য কৃতজ্ঞতাও প্রকাশ করেন তিনি।
প্রসঙ্গত, একসঙ্গে কাজ করতে গিয়ে প্রীতম ও শেহতাজের পরিচয় ও ঘনিষ্ঠতা তৈরি হয়। প্রীতম হাসানের জনপ্রিয় গান ‘জাদুকর’-এর মিউজিক ভিডিওতে মডেল হিসেবে কাজ করেছিলেন শেহতাজ। ২০১৭ সালে গানটির কাজের সময় তাদের পরিচয় হয়। পরে সেই সম্পর্ক গড়ায় প্রেমে।
দীর্ঘদিনের প্রেমের পর ২০২২ সালের ২৯ অক্টোবর শ্রীমঙ্গলের একটি হোটেলে দুই পরিবারের সদস্য ও ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে বিয়ে করেন প্রীতম ও শেহতাজ।
বিয়ের পর বিভিন্ন সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একসঙ্গে কাটানো মুহূর্তের ছবি ও স্মৃতি ভাগ করে নিয়েছেন তারা। চলতি বছরের জানুয়ারিতেও জেফার রহমান ও রাফসান সাবাবের বিয়ের অনুষ্ঠানে একসঙ্গে দেখা গিয়েছিল প্রীতম ও শেহতাজকে।
আলোকিত প্রতিদিন/এপি

