চাঁপাইনবাবগঞ্জ, প্রতিনিধি: শিবগঞ্জের সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদকবিরোধী চলমান অভিযানের অংশ হিসেবে চাঁপাইনবাবগঞ্জ এর মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) শিবগঞ্জ সীমান্তে অভিযান চালিয়ে ০১ জন আসামীসহ ৪০টি ভারতীয় মোবাইল ফোন আটক করেছে।
গোপন সংবাদের ভিত্তিতে আজ ০৪ অক্টোবর ২০২৬ তারিখ সকাল ০৭:০০ ঘটিকায় মহানন্দা ব্যাটালিয়নের অধীনস্থ শিয়ালমারা বিওপি থেকে ০১টি বিশেষ টহল দল সীমান্ত পিলার ১৮৫/২-এস হতে আনুমানিক ০২ কিঃ মিঃ বাংলাদেশের অভ্যন্তরে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানাধীন শাহাবাজপুর ইউনিয়নের সোনাপুর গ্রামস্থ পাঁকা রাস্তায় অভিযান পরিচালনা করে। উক্ত অভিযান পরিচালনাকালীন টহল দল ০১ জন আসামী মোঃ আপন হোসেন (৩২), পিতা-মোঃ বাদল, গ্রাম-সালামপুর, ডাকঘর-সোনামসজিদ, থানা-শিবগঞ্জ, জেলা-চাঁপাইনবাবগঞ্জ‘কে সোনাপুর হতে কানসাট যাওয়ার পথে ৪০টি ভারতীয় চোরাই মোবাইল ফোনসহ আটক করতে সক্ষম হয়, যার সিজার মূল্য-১১,৪০,০০০/- (এগার লক্ষ চল্লিশ হাজার) টাকা। এ ব্যাপারে পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
এ ব্যাপারে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী, এসজিপি, বিএফএম, পিএসসি বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, বিজিবি সকল প্রকার চোরাচালানের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে নিরলসভাবে দায়িত্ব পালন করে যাচ্ছে এবং এ ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।
আলোকিত প্রতিদিন/এপি

