আজ , ।   

লেখক-ব্লগারের বাসায় ফের হামলা-ভাঙচুর, অভিযোগ না নেওয়ার অভিযোগে নিরাপত্তাহীনতায় পরিবার

আরো খবর

নিজস্ব প্রতিবেদক
রাজধানী ঢাকার সিপাহীবাগে লেখক ও ব্লগার গাজী মোহাম্মদ সাইফুল ইসলামের বাসায় হামলা, ভাঙচুর ও তাঁর বাবা-মাকে শারীরিকভাবে লাঞ্ছিত করেছে ইসলামী উগ্রবাদীরা। গত ২২ সেপ্টেম্বর মধ্যরাতে একদল ব্যক্তি ধারালো দেশীয় অস্ত্র নিয়ে তাঁদের বাসায় হামলা চালায় বলে পরিবারের পক্ষ থেকে অভিযোগে বলা হয়েছে।
পরিবারের সদস্যদের দাবি, হামলাকারীরা গাজী সাইফুলকে খুঁজছিলেন এবং তাঁকে হত্যার হুমকি দেন। এ সময় তাঁর বাবা এ কে এম শফিকুল ইসলাম ও মা মাকসুদা আক্তারকে শারীরিকভাবে হেনস্তা করা হয় এবং বাসায় ভাঙচুর চালানো হয়।

ঘটনার পরদিন ২৩ সেপ্টেম্বর খিলগাঁও থানায় অভিযোগ জানাতে গেলে পুলিশ তা গ্রহণ করেনি বলে দাবি করেছেন ভুক্তভোগীরা। তবে পুলিশের পক্ষ থেকে অভিযোগটি খতিয়ে দেখার কথা জানানো হয়েছে।
পরিবারের সদস্যরা জানান, এর আগেও তাঁদের ওপর হামলা ও হুমকির ঘটনা ঘটেছে। এসব ঘটনার প্রতিকার চেয়ে পুলিশ ও প্রশাসনের কাছে একাধিকবার আবেদন করেও তাঁরা কাঙ্ক্ষিত সহযোগিতা পাননি। এমনকি পুলিশ থানায় সাধারণ ডায়েরিও নিতে রাজি হয়নি।

তাঁরা জানান, হামলাকারীদের অধিকাংশের মুখ ঢাকা ছিল। তাঁদের কেউ কেউ মাথায় পাগড়ি ও পরনে জোব্বা পরেছিলেন। বিভিন্ন সময়ে ভিন্ন ভিন্ন ব্যক্তিরা এসে গাজীকে ‘নাস্তিক’ ও ‘মুরতাদ’ আখ্যা দিয়ে তাঁকে হত্যার হুমকি দিয়েছে।

তাঁদের অভিযোগ, হামলাকারীরা গাজীকে লেখালেখি বন্ধ করে ইসলামের পথে ফিরে আসার জন্য তাঁদের চাপ দিয়েছেন। ধারালো অস্ত্র ও চাপাতি দিয়ে বাসায় ভাঙচুর এবং পরিবারের সদস্যদের ভয়ভীতি প্রদর্শন করেছে।
লেখক ও ব্লগারের পিতা শফিকুল জানান, ‘তাঁরা আমার ছেলেকে খুঁজছে। পেলে হত্যা করবে বলেছে। আমরা একটি ভীতিকর পরিবেশের মধ্যে বসবাস করছি। বিভিন্ন সময়ে এসে আমাদের মানসিক ও শারীরিকভাবে হেনস্তা করা হয়। আমাকে উপর্যুপরি পেটানো হয়েছে, আহত করা হয়েছে।’

পরিবারের পক্ষ থেকে আরও বলা হয়, গাজী ইসলাম ধর্ম ও মহানবী হজরত মুহাম্মদ (সা.) সম্পর্কে অবমাননাকর বা বিদ্রূপাত্মক কোনো বক্তব্য দিয়ে থাকলে তাঁরা সেটি কোনোভাবেই সমর্থন করেন না। এসব ঘটনার পর তাঁর সঙ্গে পরিবারের দূরত্বও বেড়েছে বলে তাঁরা জানান। তাঁরা এও জানান যদি গাজী সঠিক পথে ফিরে না আসে, তাঁরা সকল ধরনের সম্পর্ক এই ছেলের সাথে ছিন্ন করবেন।

আগেও হামলার অভিযোগ
এদিকে খোঁজ নিয়ে নিশ্চিত হওয়া যায়, গাজীর কুমিল্লা জেলার হোমনা থানার অন্তর্গত গ্রামের বাড়ি ঝগড়ারচর এবং ঢাকার উত্তর গোড়ানের সিপাহীবাগের বাসায় এর আগেও একাধিকবার হামলার ঘটনা ঘটেছে। এর মধ্যে ২০২৫ সালের ১৯ জানুয়ারি, ১৭ মার্চ ও ২ ডিসেম্বর এবং চলতি বছরের ১১ ফেব্রুয়ারি তাঁর বাসা বা পরিবারের ওপর হামলার ঘটনা ঘটে। সর্বশেষ ২২ সেপ্টেম্বর মধ্যরাতে আবারও হামলার ঘটনা ঘটেছে বলে বিভিন্ন সূত্রে নিশ্চিত হওয়া গিয়েছে।
এসব ঘটনার বিষয়ে সংশ্লিষ্ট থানায় অভিযোগ ও সহযোগিতা চাওয়া হলেও কার্যকর প্রতিকার পাওয়া যায়নি বলে পরিবারের সদস্যরা আমাদের জানান।

গাজীর বিরুদ্ধে মামলার অভিযোগ
এদিকে গাজী মোহাম্মদ সাইফুল ইসলামের বিরুদ্ধে ধর্মীয় অনুভূতিতে আঘাত, মানহানি ও অন্যান্য অভিযোগে একাধিক মামলা চলমান রয়েছে বলে বিভিন্ন আদালত ও গণমাধ্যমের প্রতিবেদনের মাধ্যমে আমরা নিশ্চিত হয়েছি।

গত ২১ সেপ্টেম্বর ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তাঁর বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করা হয়। আদালত অভিযোগটি আমলে নিয়ে পরবর্তী সময়ে সবুজবাগ থানার সঙ্গে সংশ্লিষ্ট সিআইডিকে মামলাটির তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে।

এ ছাড়া গোপালগঞ্জ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত, রাজবাড়ী সদর আদালত, রাজবাড়ী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত, ঢাকার মিরপুরের আদালত এবং ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতেও তাঁর বিরুদ্ধে একাধিক মামলা চলমান রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে জানা গেছে।

গাজীর বিরুদ্ধে চলমান মামলাগুলোকে কেন্দ্র করে বিভিন্ন সময়ে আদালত প্রাঙ্গণে ইসলামী সংগঠনের ব্যানারে মিছিল ও বিক্ষোভের ঘটনাও ঘটেছে। সেখানে তাঁরা এই লেখক ও ব্লগারের ধর্ম অবমাননার দায়ে সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের দাবি জানায়।

লেখালেখি নিয়ে বিতর্ক
গাজী মোহাম্মদ সাইফুল ইসলামের ব্যক্তিগত ওয়েবসাইট, এক্স অ্যাকাউন্ট এবং তাঁর পরিচালিত অনলাইন গণমাধ্যম ‘দেশবার্তা’-য় ইসলাম, মহানবী হজরত মুহাম্মদ (সা.), ধর্মীয় রাজনীতি, মৌলবাদ ও উগ্রবাদ নিয়ে বিভিন্ন লেখা ও মন্তব্য প্রকাশিত হয়েছে বলে জানা গেছে।

এসব লেখার কিছু অংশ ধর্মীয় অনুভূতিতে আঘাত হেনেছে এবং অত্যন্ত অবমাননাকর—এমন অভিযোগে তাঁর বিরুদ্ধে মামলা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে। একই সঙ্গে রাষ্ট্র, রাজনীতি এবং এলজিবিটিকিউ+ সম্প্রদায়ের অধিকার নিয়েও তিনি বিভিন্ন সময়ে মতামত প্রকাশ করেছেন। যেখানে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান ও সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত বেগম খালেদা জিয়াকে নিয়ে বক্তব্য অত্যন্ত কুরুচিপূর্ণ, আপত্তিকর ও উসকানিমূলক।

তবে এসব অভিযোগের বিষয়ে জানতে চাইলেও লেখক ও ব্লগার গাজী মোহাম্মদ সাইফুল ইসলামকে যোগাযোগ করা সম্ভব হয়নি।

পুলিশের বক্তব্য
পরিবারের অভিযোগের বিষয়ে খিলগাঁও থানার উপপরিদর্শক (এসআই) আবু সায়েম বলেন, লেখক ও ব্লগার গাজীর কার্যক্রম নিয়ে আপত্তি ও তাঁর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তবে আদালতের প্রক্রিয়ার ভিত্তিতেই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
তিনি বলেন, ‘ভুক্তভোগীদের অভিযোগটিও আমরা খতিয়ে দেখব।’

- Advertisement -
- Advertisement -