আজ , ।   

গাজীপুরে অপহরণের ১১ বছরেও সন্ধান মেলেনি বিউটির

আরো খবর

কামাল হোসেন, গাজীপুর সদর প্রতিনিধি: গাজীপুরে অপহরণের প্রায় ১১ বছর পেরিয়ে গেলেও বিউটি আক্তার (২৬) নামে এক তরুণীর সন্ধান মেলেনি। ২০১৫ সালের ৩ জানুয়ারি গাজীপুর মহানগরের সালনা এলাকার একটি বাসা থেকে বের হওয়ার পর নিখোঁজ হন তিনি। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও মেয়ের সন্ধান না পাওয়ায় উদ্বেগ ও উৎকণ্ঠায় দিন কাটছে তার মা সুফিয়া আক্তারের।

নিখোঁজ বিউটি আক্তার নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার মানশ্রী গ্রামের বাসিন্দা। তার বাবার নাম মির্জা দুলাল। পরিবারের দেওয়া তথ্য অনুযায়ী, ২০১৫ সালে গাজীপুর মহানগরের সালনা এলাকায় স্থানীয় হান্নানের বাড়িতে থাকা তার বোনের বাসায় বেড়াতে আসেন বিউটি।

ওই বছরের ৩ জানুয়ারি দুপুর আনুমানিক ১২টার দিকে বাসা থেকে বের হন তিনি। এরপর আর ফিরে আসেননি। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি তার।

পরিবারের পক্ষ থেকে জানানো হয়, নিখোঁজের প্রায় ছয় বছর পর ২০২১ সালে বিউটির মা সুফিয়া আক্তার বাদী হয়ে গাজীপুর সদর মেট্রো থানায় অপহরণের অভিযোগে একটি মামলা করেন। মামলায় বিউটির প্রথম স্বামী রহিজ মিয়াসহ তিনজনকে আসামি করা হয়। ২০২১ সালের ১৪ ফেব্রুয়ারি গাজীপুর সদর মেট্রো থানায় মামলাটি ২৮ নম্বর মামলা হিসেবে নথিভুক্ত হয়।

পরে মামলাটির তদন্তভার পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি), গাজীপুরের ওপর ন্যস্ত হয়। বর্তমানে মামলাটি গাজীপুর সিআইডি তদন্ত করছে বলে জানা গেছে।

তবে মামলা হওয়ার পরও দীর্ঘ সময় অতিবাহিত হলেও বিউটি আক্তারের অবস্থান সম্পর্কে নিশ্চিত কোনো তথ্য পায়নি তার পরিবার। মেয়ের সন্ধানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যকর উদ্যোগ ও সহযোগিতা কামনা করেছেন তার মা সুফিয়া আক্তার।

পরিবারের দাবি, বিউটি জীবিত থাকলে তাকে দ্রুত খুঁজে বের করে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হোক। আর তার সঙ্গে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে থাকলে তদন্তের মাধ্যমে তা উদ্‌ঘাটন করে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হোক।

আলোকিত প্রতিদিন/এপি

- Advertisement -
- Advertisement -