আজ , ।   

নির্বাচনে প্রার্থীদের ডোপ টেস্ট বাধ্যতামূলক করতে হাইকোর্টের রুল

আরো খবর

নিজস্ব প্রতিবেদক :

জাতীয় সংসদ ও স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীদের জন্য ডোপ টেস্ট বা মাদক পরীক্ষা বাধ্যতামূলক করা হবে কি না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

একই সঙ্গে ডোপ টেস্টে পজিটিভ হওয়া কিংবা পরীক্ষা দিতে অস্বীকৃতি জানানো ব্যক্তিদের নির্বাচনে অযোগ্য ঘোষণার বিধান করতে বিদ্যমান নির্বাচনী আইন ও বিধিমালা সংশোধনের নির্দেশনা কেন দেওয়া হবে না, রুলে তাও জানতে চাওয়া হয়েছে।

সোমবার (২৮ সেপ্টেম্বর) বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি শেখ তাহসিন আলীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন। সুপ্রিম কোর্টের আইনজীবী ইসরাত জাহান অনি জনস্বার্থে এ বিষয়ে রিট আবেদন করেন। আদালতে রিটের পক্ষে তিনি নিজেই শুনানি করেন।

শুনানি শেষে আইনজীবী ইসরাত জাহান অনি সাংবাদিকদের বলেন, বর্তমানে প্রচলিত নির্বাচনী আইন ও বিধিমালায় প্রার্থীদের মাদক পরীক্ষার বিষয়ে কোনো স্পষ্ট বাধ্যবাধকতা নেই। তবে সরকারি চাকরি ও পুলিশ বাহিনীতে নিয়োগের ক্ষেত্রে ডোপ টেস্টের বিধান রয়েছে।

তিনি বলেন, জনগণের ভোটে নির্বাচিত সংসদ সদস্য ও স্থানীয় সরকার জনপ্রতিনিধিরা সরাসরি জনগণের প্রতিনিধিত্ব করেন। তাই তাদের মাদকমুক্ত থাকা প্রয়োজন। এ কারণে নির্বাচনে প্রার্থিতা পাওয়ার ক্ষেত্রে ডোপ টেস্ট বাধ্যতামূলক করার বিষয়টি বিবেচনা করা দরকার।

রিটকারী আইনজীবীর বক্তব্য অনুযায়ী, মনোনয়নপত্রের সঙ্গে সরকারি স্বীকৃত ল্যাবরেটরি বা হাসপাতাল থেকে করা ডোপ টেস্টের সনদ জমা দেওয়ার বিধান করা যেতে পারে। তিনি আরও বলেন, কোনো প্রার্থী মাদকমুক্ত থাকলে ডোপ টেস্টে অংশ নিতে তার আপত্তির কারণ থাকার কথা নয়।

হাইকোর্টের জারি করা রুলে মন্ত্রিপরিষদ সচিব, আইন সচিব, স্বরাষ্ট্র সচিব, স্থানীয় সরকার সচিব, প্রধান নির্বাচন কমিশনার, নির্বাচন কমিশন সচিব এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালকসহ সাতজনকে জবাব দিতে বলা হয়েছে। রুলের পরবর্তী শুনানিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্য এবং প্রচলিত আইন ও বিধিমালার বিষয়গুলো বিবেচনা করবেন আদালত।

আলোকিত প্রতিদিন / এম আর এম

- Advertisement -
- Advertisement -