আন্তর্জাতিক ডেস্ক:
প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফর করানোর চেষ্টা করেছিল দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকার। তবে এ চেষ্টা ব্যর্থ হয়। এখন আগামী নভেম্বরে প্রধানমন্ত্রীর সম্ভাব্য ভারত সফর নিয়ে বাংলাদেশ ও ভারত কাজ করছে বলে আজ ২৭ সেপ্টেম্বর রবিবার এক প্রতিবেদনে জানিয়েছে সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া।
এছাড়া দশদিন আগে গত ১৭ সেপ্টেম্বর ভারতের নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল ঢাকায় এসেছিলেন বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। টাইমস অব ইন্ডিয়া আরও জানিয়েছে,নভেম্বরের তৃতীয় সপ্তাহে প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর নিয়ে আলোচনা হচ্ছে।
আর ভারতে নিযুক্ত বাংলাদেশের নতুন হাইকমিশনার আসাদ আলম সিয়াম দায়িত্ব নেওয়ার পর এই আলোচনা আরও বেগবান হতে পারে। তিনি অক্টোবরের শেষ সপ্তাহ অথবা নভেম্বরের প্রথমদিকে ভারতে গিয়ে নিজের দায়িত্ব বুঝে নেবেন।
তবে আলোচনা চললেও তারেক রহমানের সফরটি হবে কি না তা নিয়ে সংশয় আছে বলে জানিয়েছে সংবাদমাধ্যমটি। কারণ হলো সাবেক স্বৈরাচার প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশের হাতে তুলে দেওয়ার বিষয়টি এখনো অমিমাংসিত রয়ে গেছে।
টাইমস অব ইন্ডিয়া তাদের প্রতিবেদনে আরও জানিয়েছে, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানান তারেক রহমান। এর অল্প সময়ের মধ্যে এই শুভেচ্ছার জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান মোদি। আর এই শুভেচ্ছার পরই তারেক রহমানর ভারত সফরের একটি আগাম তারিখ নির্ধারণের সম্ভাবনা বেড়ে যায়। তবে কোনো দেশই এখনো সম্ভাব্য সফরটি নিশ্চিত করেনি আবার অস্বীকারও করেনি।
এর মধ্যেই গত ১৭ সেপ্টেম্বর ভারতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল ঢাকা সফর করেন।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া
আলোকিত প্রতিদিন /২৭ সেপ্টেম্বর/২০২৬/মওম

