নিজস্ব প্রতিনিধি: ডিজেলচালিত বাসের ভাড়া কিলোমিটারপ্রতি ১৭ পয়সা বাড়ানোর পর রাজধানীর বিভিন্ন পথে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ উঠেছে। বুধবার মিরপুর, ফার্মগেট, কাওরান বাজার ও শাহবাগে এমন চিত্র দেখা গেছে। যাত্রীদের ভাষ্য-কিছু বাসে আগের চেয়ে ৫-১০ টাকা বেশি নেওয়া হচ্ছে। অনেক বাসে নতুন ভাড়ার তালিকা না টাঙানোয় পরিবহণকর্মীদের সঙ্গে যাত্রীদের বাগ্বিতণ্ডা হচ্ছে। যাত্রাবাড়ীর দূরপাল্লার বাস কাউন্টারগুলোতেও বিভিন্ন গন্তব্যের ভাড়া বাড়ানো হয়েছে। তবে মহাখালী বাসটার্মিনালে সকালে কয়েকটি পরিবহণের কাউন্টারে আগের ভাড়ায় টিকিট বিক্রি হচ্ছিল।
মিরপুর-১২ নম্বরের বাসিন্দা রেলওয়েত হোসেন বলেন, মিরপুর-১০ নম্বর শাহআলী মার্কেট এলাকায় যাওয়ার জন্য সাগুফতা মোড় থেকে বাসে ওঠেন তিনি। আগে এ পথে ১০ টাকা দিলেও গতকাল তার কাছে ১৫ টাকা চাওয়া হয়েছে। ভাড়ার নতুন কোনো তালিকা ছিল না। মিরপুরের ১, ২, ১০, ১১ ও ১২ নম্বর এবং কালশী এলাকায়ও বাসে নতুন ভাড়ার তালিকা না থাকার অভিযোগ পাওয়া গেছে। যাত্রীরা তালিকা দেখতে চাইলে বাসকর্মীদের সঙ্গে তর্ক হচ্ছে। মিরপুর-১২ নম্বর থেকে গাজীপুরের কালিয়াকৈরে যাতায়াতকারী এক যাত্রী বলেন, রাজধানী পরিবহণের বাসে তার কাছ থেকে আগের চেয়ে ৫ থেকে ১০ টাকা বেশি চাওয়া হচ্ছে। মিরপুর-১ নম্বর এলাকার আরও কয়েকজন যাত্রীর অভিযোগ-নতুন ভাড়া নির্ধারণের সুযোগে কোনো কোনো বাসে ইচ্ছেমতো টাকা চাওয়া হচ্ছে। কোথাও ভাড়া নিয়ে হাতাহাতির পরিস্থিতিও তৈরি হচ্ছে। শাহবাগ থেকে গাবতলীগামী যাত্রী জুয়েল সিকদার বলেন, আগে এ পথে তিনি ২০ টাকা ভাড়া দিতেন। গতকাল তার কাছ থেকে ৩০ টাকা নেওয়া হয়েছে। নতুন ভাড়ার তালিকা দেখায়নি বাসকর্মীরা। আজিমপুর থেকে মিরপুরগামী শিক্ষার্থী হাবিবুর রহমান বলেন, ভাড়া ১০ টাকার স্থলে এখন ১৫ টাকা দিতে হচ্ছে। মোহাম্মদপুর থেকে মতিঝিলে নিয়মিত যাতায়াতকারী ফুয়াদ করিমের অভিযোগ, আগে ২০ টাকা নেওয়া হলেও এখন ২৫-৩০ টাকা চাওয়া হচ্ছে।
সায়েদাবাদে একটি পরিবহণের কাউন্টার ম্যানেজার এসএম তারিফুল ইসলাম বলেন, তারা আগের চেয়ে ৫০ টাকা বেশি নিচ্ছেন। তার দাবি, ইকোনমি ও বিজনেস ক্লাসের নন-এসি বাসে একই হারে ভাড়া নেওয়া হচ্ছে। অন্যদিকে ঢাকা-চট্টগ্রাম হানিফ পরিবহণের এক কাউন্টারকর্মী বলেন, যাত্রীদের কাছ থেকে আগের নির্ধারিত ভাড়াই নেওয়া হচ্ছে। যাত্রাবাড়ী এলাকায় কয়েকজন যাত্রী অভিযোগ করেন, কিছু কাউন্টারে আগের চেয়ে ৫০ থেকে ১০০ টাকা বেশি চাওয়া হচ্ছে।
ঢাকা সড়ক পরিবহণ শ্রমিক ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক মো. আলম দেওয়ান বলেন, জ্বালানির দাম বাড়ার পর সরকার বাসভাড়া বাড়ালেও নতুন ভাড়ার প্রজ্ঞাপন হাতে না পাওয়া পর্যন্ত বর্ধিত ভাড়া নিচ্ছেন না।
ভাড়া তদারকিতে নেই অভিযান : সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম মঙ্গলবার বলেছিলেন, নির্ধারিত ভাড়ার বেশি আদায় করলে সংশ্লিষ্টদের জবাবদিহির আওতায় আনা হবে। অভিযোগ প্রমাণিত হলে জরিমানার পাশাপাশি রুট পারমিট বাতিল করার কথাও তিনি বলেছিলেন। তবে গতকাল রাজধানীতে ভাড়া তদারকিতে কোনো অভিযানের খবরও পাওয়া যায়নি।
আলোকিত প্রতিদিন/এপি

