আজ , ।   

চাঁদা না দেওয়ায় মিথ্যা মাম*লা, শেরপুরে রানা-কাশেমের বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন

আরো খবর

জেসমিন আক্তার, শেরপুর প্রতিদিন: শেরপুর সদর উপজেলার বেতমারী ঘুঘুরাকান্দি ইউনিয়নের চরখারচর এলাকায় মাদক, চাঁদাবাজি ও মামলা দিয়ে হয়রানির অভিযোগ তুলে এম এ রানা আহমেদ ও কাশেম মিয়ার বিরুদ্ধে মানববন্ধন করেছেন এলাকাবাসী।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বেলা ১১টায় বেতমারি-ঘুঘুরাকান্দি ইউনিয়নের চরখারচর মজিবর মোড় সংলগ্ন এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার শত শত মানুষ অংশ নেন।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, রানা আহমেদ ও কাশেম মিয়া সাধারণ মানুষের কাছে চাঁদা দাবি এবং মামলা দিয়ে হয়রানি করছেন। চাঁদা না দেওয়ায় বিভিন্নভাবে হয়রানি করা হচ্ছে বলেও অভিযোগ করেন তারা। এসব অভিযোগের সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান বক্তারা।

মানববন্ধনে বক্তব্য দেন মেধাবিকাশ মডেল একাডেমির পরিচালক আতিকুল ইসলাম আতিক, আশিকুর রহমান আশিক, সুজন মিয়া, সিদ্দিক মিয়া ও আসাদুজ্জামান অপু।

বক্তব্যে আতিকুল ইসলাম আতিক বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে উচ্চশিক্ষা শেষ করে চাকরির পেছনে না ছুটে গ্রামের অনগ্রসর শিশুদের শিক্ষার সুযোগ তৈরির লক্ষ্যে ২০২১ সালে মেধাবিকাশ মডেল একাডেমি প্রতিষ্ঠা করেন তিনি। প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠার পর থেকেই পার্শ্ববর্তী একটি স্কুলের পরিচালক রানা আহমেদের বিরোধিতার মুখে পড়তে হয় বলে দাবি করেন তিনি।

আতিকুল ইসলামের অভিযোগ, একপর্যায়ে রানা আহমেদ তাঁর সহযোগী কাশেমকে দিয়ে তাঁর কাছে মোটা অঙ্কের চাঁদা দাবি করেন। তিনি চাঁদা দিতে অস্বীকৃতি জানানোর পর রানা আহমেদ ও কাশেম তাঁর বিরুদ্ধে একের পর এক ‘মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন’ মামলা দিয়ে হয়রানি করছেন বলে দাবি করেন তিনি।

তিনি আরও বলেন, চাঁদা দাবি, মামলা কিংবা ভয়ভীতি দেখিয়ে মেধাবিকাশ মডেল একাডেমির কার্যক্রম বন্ধ করা যাবে না। এ বিষয়ে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর কাছে সরেজমিনে তদন্ত করে ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।

মানববন্ধনে বক্তারা বলেন, এলাকায় মাদক ও চাঁদাবাজি বন্ধে প্রশাসনের কার্যকর পদক্ষেপ প্রয়োজন। একই সঙ্গে কারও বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হয়ে থাকলে তদন্তের মাধ্যমে দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা।

চরখারচর এলাকাবাসীর আয়োজনে অনুষ্ঠিত মানববন্ধনে স্থানীয় বাসিন্দারা তাদের অভিযোগ ও দাবিগুলো তুলে ধরেন।

তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন রানা মিয়া। তিনি বলেন, আমার উপর আনীত সব অভিযোগ মিথ্যা। মূলত কিন্ডারগার্টেন স্কুলকে কেন্দ্র করে আমার নামে এসব মিথ্যা অভিযোগ করেছেন। আমার কিন্ডারগার্টেনের ফলাফল ভালো দেখে শত্রুতা শুরু করছে।

আলোকিত প্রতিদিন/এপি

- Advertisement -
- Advertisement -