নিজস্ব প্রতিনিধি: দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের ঝুলন্ত মরদেহ উদ্ধারের পর সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) জিএম নজরুল ইসলাম ও তার প্রথম স্ত্রীকে হেফাজতে নিয়েছে পুলিশ।
আজ রোববার রাতে এ তথ্য নিশ্চিত করেন পুলিশের তেজগাঁও বিভাগের উপকমিশনার (ডিসি) ইবনে মিজান। তিনি আরও বলেন, জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হচ্ছে এমপি জিএম নজরুল ইসলাম ও তার প্রথম স্ত্রীকে।
এর আগে আজ বিকেলে রাজধানীর শেরেবাংলা নগর থানার ন্যাম ভবন (এমপিদের সরকারি আবাসন) থেকে মরদেহটি পাওয়া যায়।
পুলিশ সূত্রে আরও জানায়, এমপি হোস্টেলের ৫ নম্বর ভবনের তৃতীয় তলার ২০৩ নম্বর ফ্ল্যাটের একটি কক্ষে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় পাওয়া গেছে মরিয়মের মরদেহ।
এমপি হোস্টেলের ২০৩ নম্বর ফ্ল্যাটটি জিএম নজরুল ইসলামের। মরিয়মের মরদেহ উদ্ধারের পর ভবনের সামনের জায়গাটি এখন নিরাপত্তা বেষ্টনী দিয়ে ঘিরে রেখেছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। সেই বেষ্টনীর ভেতরে যাতায়াত সীমিত করা হয়েছে বলে আরও জানা গেছে।
পুলিশের তেজগাঁও বিভাগের ডিসি ইবনে মিজান বলেন, ‘২০৩ নম্বর ফ্লাটে সাতক্ষীরার-৪ আসনের সংসদ সদস্য জিএম নজরুল ইসলাম এর দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের ঝুলন্ত মৃতদেহ পাওয়া গেছে। সিআইডির ফরেনসিক দল ও পিবিআই সেখানে কাজ করছে বলে জানান।
আলোকিত প্রতিদিন/এপি

