মোহাম্মদ ইয়াসিন: ঢাকার অদূরে সাভারের আশুলিয়ায় হঠাৎ নিষিদ্ধ ঘোষিত স্থানীয় আওয়ামী যুবলীগের ঝটিকা মিছিল সংগঠিত হলে তা ছত্রভঙ্গ করে দেওয়া হয়।
এ সময় তারা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়ের প্রতিবাদে ঢাকার আশুলিয়ায় ঝটিকা মিছিল করে পরপর কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটায়। পরবর্তীতে অভিযান চালিয়ে আশুলিয়া থানা ছাত্রলীগের সহ-সভাপতি ও রিকশা শ্রমিক লীগের সাধারণ সম্পাদকসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) তরিকুল ইসলাম। এর আগে গত শুক্রবার দুপুরে বাইপাইল-আব্দুল্লাহপুর সড়কের নরসিংহপুর এলাকা থেকে সরকার মার্কেট পর্যন্ত এই মিছিল অনুষ্ঠিত হয়।
মিছিলের ভিডিও ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে জুম্মার নামাজের পর আশুলিয়া থানা যুবলীগের আহ্বায়ক মোহাম্মদ কবির হোসেন সরকারের পক্ষে নেতাকর্মীরা একটি বিক্ষোভ মিছিল বের করেন। যুবলীগের কেন্দ্রীয় চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিলের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রদত্ত রায়কে ‘অবৈধ’ আখ্যা দিয়ে মিছিলে বিভিন্ন সরকারবিরোধী ও দলীয় স্লোগান দেওয়া হয়। মিছিলটি নরসিংহপুর থেকে সরকার মার্কেটের দিকে এগোলে পর পর কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। এতে পথচারী ও স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে তীব্র আতঙ্কের সৃষ্টি হয়।
পুলিশ জানান, ককটেল বিস্ফোরণ ঘটনা নিশ্চিত নয়। এ ধরনের কোন আলামত পাওয়া যায়নি। তবে মিছিলের পরপরই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অভিযান চালিয়ে তিনজনকে আটক করে।
গ্রেপ্তারকৃতরা হলেন- আশুলিয়া থানা ছাত্রলীগের সহ-সভাপতি খলিল প্রধান ও আশুলিয়া থানা রিকশা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মোশাররফ। গ্রেপ্তারকৃত অন্যজনের পরিচয় তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
আশুলিয়া থানার অফিসার ইনচার্জ তরিকুল ইসলাম জানান, এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে গ্রেপ্তারদের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। ঘটনার সাথে জড়িত অন্যান্যদের চিহ্নিত করে গ্রেপ্তার করতে পুলিশের সাঁড়াশি অভিযান অব্যাহত।
আলোকিত প্রতিদিন/এপি
- Advertisement -

