বিশেষ প্রতিবেদক:
ঢাকার গণপরিবহন ব্যবস্থায় বড় পরিবর্তনের লক্ষ্যে আরও তিনটি মেট্রোরেল প্রকল্প অনুমোদন করেছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। প্রকল্প তিনটি বাস্তবায়নে মোট ব্যয় ধরা হয়েছে ২ লাখ ৪৯ হাজার ৭৪৬ কোটি টাকা।
বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) সচিবালয়ে প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় তিন মেট্রোরেলসহ মোট ১২টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়। এর মধ্যে সাতটি নতুন এবং পাঁচটি সংশোধিত প্রকল্প।
অনুমোদিত তিন মেট্রোরেল প্রকল্পের মধ্যে রয়েছে জাপানের অর্থায়নে এমআরটি লাইন-১ (বিমানবন্দর-কমলাপুর) ও এমআরটি লাইন-৫ নর্দার্ন (হেমায়েতপুর-ভাটারা) প্রকল্পের সংশোধিত ব্যয় প্রস্তাব। অন্যটি হলো এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) ও দক্ষিণ কোরিয়ার যৌথ অর্থায়নে এমআরটি লাইন-৫ সাউদার্ন (গাবতলী-দাশেরকান্দি) প্রকল্প।
একনেক সভা শেষে পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ আব্দুর রহিম সাকি মেট্রোরেল প্রকল্পগুলোর বিভিন্ন দিক তুলে ধরেন।
তিন প্রকল্পে ব্যয় প্রায় আড়াই লাখ কোটি টাকা
জাপানের অর্থায়নে ৩১ দশমিক ২৪ কিলোমিটার দীর্ঘ এমআরটি লাইন-১ নির্মাণে ব্যয় ধরা হয়েছে ১ লাখ ১৪ হাজার ৩৯৪ কোটি ৮৯ লাখ টাকা।
অন্যদিকে, ২০ কিলোমিটার দীর্ঘ এমআরটি লাইন-৫ নর্দার্ন প্রকল্পে ব্যয় হবে ৮৯ হাজার ৮৪৮ কোটি ৩৬ লাখ টাকা।
আর গাবতলী থেকে দাশেরকান্দি পর্যন্ত ১৭ দশমিক ২০ কিলোমিটার দীর্ঘ এমআরটি লাইন-৫ সাউদার্ন প্রকল্প বাস্তবায়নে ব্যয় ধরা হয়েছে ৪৫ হাজার ৫০৩ কোটি টাকা।
বাড়ছে এমআরটি লাইন-১-এর ব্যয়
দেশের প্রথম পাতাল মেট্রোরেল হিসেবে পরিচিত এমআরটি লাইন-১ (বিমানবন্দর-কমলাপুর) প্রকল্পের সংশোধিত ব্যয় প্রস্তাবও একনেকে অনুমোদন পেয়েছে। সংশোধনের পর প্রকল্পটির ব্যয় ১১৭ দশমিক ৬৪ শতাংশ বাড়ছে।
প্রকল্পটি ২০৩৩ সালের মধ্যে শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। বিমানবন্দর থেকে কমলাপুর পর্যন্ত এই মেট্রোরেল রাজধানীর গণপরিবহন ব্যবস্থায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।
হেমায়েতপুর-ভাটারা রুটেও মেট্রোরেল
এমআরটি লাইন-৫ নর্দার্ন প্রকল্পের আওতায় হেমায়েতপুর থেকে ভাটারা পর্যন্ত প্রায় ২০ কিলোমিটার দীর্ঘ মেট্রোরেল করিডোর নির্মাণ করা হবে। জাপানের অর্থায়নে বাস্তবায়ন হতে যাওয়া এ প্রকল্পের ব্যয় ধরা হয়েছে ৮৯ হাজার ৮৪৮ কোটি ৩৬ লাখ টাকা।
গাবতলী-দাশেরকান্দি রুটে নতুন মেট্রোরেল
এমআরটি লাইন-৫ সাউদার্ন প্রকল্পের আওতায় রাজধানীর গাবতলী থেকে দাশেরকান্দি পর্যন্ত ১৭ দশমিক ২০ কিলোমিটার দীর্ঘ মেট্রোরেল নির্মাণ করা হবে।
প্রকল্পের মোট ব্যয় ৪৫ হাজার ৫০৩ কোটি টাকা। এর মধ্যে সরকারি অর্থায়ন ১৫ হাজার ১৯৭ কোটি টাকা। বাকি ৩০ হাজার ৩০৬ কোটি টাকা এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) ও দক্ষিণ কোরিয়া সরকারের উন্নয়ন সহায়তা তহবিল (ইডিসিএফ) যৌথভাবে দেবে।
এ রুটের ১৩ দশমিক ১০ কিলোমিটার অংশ হবে পাতাল এবং বাকি অংশ উড়ালপথে নির্মাণের পরিকল্পনা রয়েছে। হাতিরঝিল অংশে মেট্রোরেল টানেলের মধ্য দিয়ে যাবে এবং আফতাবনগর থেকে দাশেরকান্দির দিকে উড়ালপথে চলবে।
একসঙ্গে তিনটি মেট্রোরেল প্রকল্প অনুমোদনের ফলে রাজধানীর দীর্ঘমেয়াদি গণপরিবহন অবকাঠামো উন্নয়নে বড় পরিসরের বিনিয়োগের পথ তৈরি হলো।
আলোকিত প্রতিদিন / এম আর এম

