আলোকিত প্রতিবেদক :
দেশে আবারও স্থানীয় সরকার নির্বাচনকে ঘিরে তোড়জোড় শুরু হয়েছে। সরকারের ঘোষিত পরিকল্পনার অংশ হিসেবে আগামী নভেম্বরের মাঝামাঝি সময় থেকে স্থানীয় সরকার নির্বাচন কার্যক্রম শুরু করার লক্ষ্য নির্ধারণ করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রথম ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের মাধ্যমে এ কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছেন জ্যেষ্ঠ নির্বাচন কমিশনার আবদুর রহমানেল মাছউদ।
সোমবার (১৪ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন সচিবালয়ে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব তথ্য জানান নির্বাচন কমিশনার আবদুর রহমানেল মাছউদ।
তিনি বলেন, “আগামী নভেম্বরের মাঝামাঝি সময় থেকেই দেশের স্থানীয় সরকার নির্বাচন কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু করা হবে।” প্রাথমিক পর্যায়ে ইউনিয়ন পরিষদ নির্বাচন আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পর্যায়ক্রমে কয়েকটি ধাপে দেশের বিভিন্ন এলাকায় এ নির্বাচন অনুষ্ঠিত হবে।
নির্বাচনের আইনি কাঠামো নিয়েও কমিশনের অবস্থান তুলে ধরেন মাছউদ। আইন সংশোধনের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, নির্ধারিত সময়ের মধ্যে নতুন কোনো আইন বা সংশোধনী না এলে বিদ্যমান আইন অনুযায়ীই নির্বাচন পরিচালনা করবে কমিশন।
তিনি আরও জানান, বর্তমান আইন অনুযায়ী নির্বাচন আয়োজনের ক্ষেত্রে কোনো বড় ধরনের আইনি বা কার্যগত জটিলতা নেই। ফলে নির্ধারিত সময়ে স্থানীয় সরকার নির্বাচন সম্পন্ন করার প্রস্তুতি এগিয়ে নেওয়া হচ্ছে।
আলোকিত প্রতিদিন / এম আর এম

