আলোকিত প্রতিবেদক :
ঠাকুরগাঁও-১ সংসদীয় আসনের আসন্ন উপনির্বাচনে প্রবাসে বসবাসরত ভোটারদের পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দেওয়ার সুযোগ দিচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। এ লক্ষ্যে আগে নিবন্ধিত ভোটারদের সম্মতি নিশ্চিত করার পাশাপাশি নতুন ভোটারদেরও ‘Postal Vote BD’ অ্যাপের মাধ্যমে নিবন্ধনের সুযোগ দেওয়া হয়েছে।
রোববার (১৩ সেপ্টেম্বর) নির্বাচন কমিশনের জনসংযোগ শাখা থেকে এ তথ্য জানানো হয়।
ইসি জানিয়েছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ‘Postal Vote BD’ অ্যাপের মাধ্যমে সফলভাবে নিবন্ধিত প্রবাসী ভোটারদের ই-মেইল, হোয়াটসঅ্যাপ অথবা অ্যাপ নোটিফিকেশনের মাধ্যমে যোগাযোগ করা হবে। এসব ভোটারকে ১২ সেপ্টেম্বর থেকে ২০ সেপ্টেম্বরের মধ্যে অ্যাপের মাধ্যমে পোস্টাল ভোটিংয়ে ভোট দেওয়ার সম্মতি নিশ্চিত করতে বলা হয়েছে।
সম্মতি পাওয়ার পর সংশ্লিষ্ট ভোটারদের বর্তমান ঠিকানায় ডাকযোগে ব্যালট পাঠানো হবে।
অন্যদিকে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ‘Postal Vote BD’ অ্যাপের মাধ্যমে নিবন্ধন করতে না পারা প্রবাসী ভোটারদের জন্যও নতুন করে নিবন্ধনের সুযোগ রাখা হয়েছে। আগ্রহী ভোটাররা ১২ সেপ্টেম্বর থেকে ২০ সেপ্টেম্বরের মধ্যে অ্যাপটি ডাউনলোড করে প্রয়োজনীয় তথ্য প্রদান করে নিবন্ধন সম্পন্ন করতে পারবেন।
নিবন্ধন সম্পন্ন করার পর তারা উপনির্বাচনে পোস্টাল ভোটিংয়ের মাধ্যমে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন।
নির্বাচন কমিশন জানিয়েছে, প্রবাসী ভোটারদের গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করা এবং সুষ্ঠুভাবে ভোট গ্রহণের লক্ষ্যে প্রযুক্তিনির্ভর এই ব্যবস্থা চালু রাখা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করতে সব প্রবাসী ভোটারের প্রতি আহ্বান জানিয়েছে ইসি।
আলোকিত প্রতিদিন / এম আর এম

