আজ , ।   

জামালপুরে তথ্য প্রতিমন্ত্রী: সাংবাদিক কল্যাণ ট্রাস্টের বরাদ্দ হবে ২৫ কোটি

আরো খবর

নাজমুল হুদা:

সাংবাদিক কল্যাণ ট্রাস্টের আর্থিক বরাদ্দ বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। বর্তমানে ট্রাস্টের জন্য বরাদ্দ থাকা ৬ কোটি টাকা থেকে তা বাড়িয়ে ২৫ কোটি টাকা করার নীতিগত সিদ্ধান্ত হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে অর্থ মন্ত্রণালয়ে চিঠিও পাঠানো হয়েছে বলে জানিয়েছেন তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী।

রবিবার দুপুরে জামালপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা জানান।

তথ্য প্রতিমন্ত্রী বলেন, জেলা ও উপজেলা পর্যায়ের সাংবাদিকরা সরকারি সহায়তা থেকে বঞ্চিত হচ্ছেন, এমন ধারণা সঠিক নয়। সাংবাদিক কল্যাণ ট্রাস্টের মাধ্যমে দেশের বিভিন্ন এলাকার সাংবাদিকদের আর্থিক সহায়তা দেওয়া হচ্ছে।

তিনি জানান, সাংবাদিক কল্যাণ ট্রাস্টের বরাদ্দ ৬ কোটি টাকা থেকে বাড়িয়ে ২৫ কোটি টাকা করার প্রস্তাব অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। এ বিষয়ে নীতিগত অনুমোদনও পাওয়া গেছে। চলতি বছর পুরো বর্ধিত অর্থ বিতরণ করা সম্ভব না হলেও আগামী বছর থেকে নির্ধারিত বরাদ্দের সম্পূর্ণ অর্থ দেওয়া সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

সভায় ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমানের অংশগ্রহণ না করা নিয়ে ভারতীয় গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন প্রচারণার বিষয়েও কথা বলেন ইয়াসের খান চৌধুরী। তিনি বলেন, বিষয়টি মূলত পররাষ্ট্র মন্ত্রণালয়ের এখতিয়ারভুক্ত। এ নিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী এরই মধ্যে সরকারের অবস্থান পরিষ্কার করেছেন।

গণমাধ্যমের স্বাধীনতা প্রসঙ্গে তথ্য প্রতিমন্ত্রী বলেন, প্রত্যেক দেশ এবং সংগঠনকে নিজ নিজ আইন ও বিধিবিধানের আওতায় স্বাধীনভাবে মত প্রকাশের সুযোগ দিতে হবে। একই সঙ্গে বিশ্বের সব দেশে গণতান্ত্রিক পরিবেশ এবং মতপ্রকাশের স্বাধীনতা বজায় থাকবে বলেও প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুপ আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় জামালপুর-৫ আসনের সংসদ সদস্য শাহ মো. ওয়ারেছ আলী মামুন, জামালপুর-৪ আসনের সংসদ সদস্য মো. ফরিদুল কবীর তালুকদার, জামালপুর-২ আসনের সংসদ সদস্য মো. সুলতান মাহমুদ বাবু এবং জামালপুর-৩ আসনের সংসদ সদস্য মো. মোস্তাফিজুর রহমান বাবুল উপস্থিত ছিলেন।

এ ছাড়া জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ জেলা আইনশৃঙ্খলা কমিটির অন্যান্য সদস্য সভায় অংশ নেন।

আলোকিত প্রতিদিন /১৩ সেপ্টেম্বর/২০২৬/মওম

- Advertisement -
- Advertisement -