আজ , ।   

বাব আল-মান্দেবের নিয়ন্ত্রণে হু*থি, লোহিত সাগরে বদলে যাচ্ছে সমীকরণ

আরো খবর

আন্তর্জাতিক ডেস্ক :

আন্তর্জাতিক তেল ও পণ্যবাহী জাহাজ চলাচলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বাব আল-মান্দেব প্রণালির ওপর পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার দাবি করেছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। ইয়েমেনের উপকূলসংলগ্ন লোহিত সাগরের দক্ষিণ প্রবেশমুখে অবস্থিত মায়ুন দ্বীপের নিয়ন্ত্রণ নেওয়ার পর তারা এ দাবি করেছে।

মায়ুন দ্বীপটি পেরিম দ্বীপ নামেও পরিচিত। বাব আল-মান্দেব প্রণালির মাঝামাঝি অবস্থানের কারণে সামুদ্রিক যোগাযোগ ও জাহাজ চলাচল পর্যবেক্ষণের ক্ষেত্রে দ্বীপটির কৌশলগত গুরুত্ব রয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, পেরিম দ্বীপের নিয়ন্ত্রণ নেওয়ার ফলে বাব আল-মান্দেব প্রণালিতে হুথিদের সামরিক ও কৌশলগত প্রভাব আরও বেড়েছে। এর মাধ্যমে গুরুত্বপূর্ণ এই নৌপথে জাহাজ চলাচলের ওপর নজরদারি ও প্রভাব বিস্তারের সক্ষমতা অর্জন করেছে গোষ্ঠীটি।

পশ্চিমা গণমাধ্যমেও নিয়ন্ত্রণের খবর

ফরাসি বার্তা সংস্থা এএফপি ইয়েমেন সরকারের এক কর্মকর্তার বরাত দিয়ে পেরিম দ্বীপে হুথিদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার খবর জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, দ্বীপটির নিয়ন্ত্রণ নেওয়ার মধ্য দিয়ে কৌশলগত বাব আল-মান্দেব প্রণালিতে হুথিদের নিয়ন্ত্রণ আরও সুসংহত হয়েছে। এদিকে বার্তা সংস্থা রয়টার্সকে ইয়েমেনের দুটি সূত্র জানিয়েছে, সৌদি আরব-সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলো পেরিম দ্বীপ থেকে সরে গেছে।

পশ্চিম উপকূলে হুথিদের অগ্রগতি

পেরিম দ্বীপের নিয়ন্ত্রণ নেওয়ার আগে ইয়েমেনের পশ্চিম উপকূলের গুরুত্বপূর্ণ শহর আল-মোখা দখলে নেয় হুথিরা বলে প্রতিবেদনে দাবি করা হয়েছে। এরপর সৌদি-সমর্থিত যোদ্ধারা দক্ষিণ দিকে এবং ধুবাব শহরের দিকে সরে যায়।

আল-মোখা, ধুবাব ও পশ্চিম উপকূলের অন্যান্য গুরুত্বপূর্ণ শহর ও বন্দর এলাকায় হুথিদের ধারাবাহিক অগ্রগতির পর পেরিম দ্বীপের নিয়ন্ত্রণ নেওয়ার খবর সামনে এলো।

সৌদি আরবকে হুথিদের হুঁশিয়ারি

এদিকে ইয়েমেনে অবকাঠামো, বিমানবন্দর ও বন্দরে সৌদি হামলা হলে পাল্টা জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন হুথিদের জ্যেষ্ঠ নেতা হাজেম আল-আসাদ।

সাম্প্রতিক সৌদি হুমকির প্রতিক্রিয়ায় তিনি বলেন, ‘উত্তেজনার জবাবে উত্তেজনা’ নীতিতে ইয়েমেনের অবকাঠামো, বিমানবন্দর কিংবা বন্দরে যেকোনো হামলার জবাব দেওয়া হবে।

আল-মোখা, ধুবাব ও পেরিম দ্বীপসহ ইয়েমেনের বিভিন্ন স্থানে হামলা হলে সৌদি আরবের অবকাঠামোকেও পাল্টা লক্ষ্যবস্তু করা হতে পারে বলে সতর্ক করেন তিনি।

কেন গুরুত্বপূর্ণ বাব আল-মান্দেব

বাব আল-মান্দেব বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সামুদ্রিক নৌপথ। সংকীর্ণ এই প্রণালি লোহিত সাগরকে এডেন উপসাগর ও ভারত মহাসাগরের সঙ্গে যুক্ত করেছে। আন্তর্জাতিক বাণিজ্য ও জ্বালানি পরিবহনের জন্য এ পথের গুরুত্ব অত্যন্ত বেশি।

বিশ্বের বিপুলসংখ্যক বাণিজ্যিক জাহাজ এই নৌপথ ব্যবহার করে। ফলে বাব আল-মান্দেবের ওপর সামরিক বা কৌশলগত নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা হলে আন্তর্জাতিক নৌবাণিজ্য ও জ্বালানি সরবরাহ ব্যবস্থায় এর প্রভাব পড়তে পারে।

প্রণালির কেন্দ্রীয় অবস্থানে থাকা পেরিম দ্বীপের নিয়ন্ত্রণ সামুদ্রিক চলাচল পর্যবেক্ষণ ও নিয়ন্ত্রণের ক্ষেত্রে বিশেষ কৌশলগত সুবিধা দেয়। ফলে দ্বীপটি ঘিরে হুথিদের সাম্প্রতিক অগ্রগতি লোহিত সাগর ও আশপাশের অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতিতে নতুন সমীকরণ তৈরি করতে পারে।

সূত্র: তাসনিম নিউজ

আলোকিত প্রতিদিন / এম আর এম

- Advertisement -
- Advertisement -