নিজস্ব প্রতিবেদকঃ
উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে কক্সবাজারের উখিয়া প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে আরটিভির কক্সবাজার জেলা প্রতিনিধি সাইফুর রহিম শাহীন সভাপতি এবং দৈনিক যায়যায়দিন এবং দৈনিক কক্সবাজারের উখিয়া প্রতিনিধি ফারুক আহমদ সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
৮ সেপ্টেম্বর ২০২৬ মঙ্গলবার উখিয়া প্রেসক্লাবে অনুষ্ঠিত নির্বাচনে ১৩টি পদের মধ্যে চারটি পদে সরাসরি ভোটগ্রহণ হয়। বাকি নয়টি পদে একক প্রার্থী থাকায় তারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। নির্বাচনে প্রেসক্লাবের ২৭ জন সদস্য তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
সভাপতি পদে সাইফুর রহিম শাহীন ১৭ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ প্রতিদিনের উখিয়া প্রতিনিধি শফিউল ইসলাম আজাদ পেয়েছেন ৯ ভোট।
সহ-সভাপতি পদে ২১ ভোট পেয়ে জয়ী হয়েছেন আলোকিত বাংলাদেশ ও ডেইলি অবজারভারের জেলা প্রতিনিধি এ এইচ সেলিম উল্লাহ। তার প্রতিদ্বন্দ্বী দেশ প্রতিদিনের উখিয়া প্রতিনিধি আব্দুল লতিফ বাচ্চু পেয়েছেন ৩ ভোট।
সাধারণ সম্পাদক পদে ত্রিমুখী প্রতিদ্বন্দ্বিতায় ১৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন দৈনিক যায়যায়দিন ও দৈনিক কক্সবাজারের প্রতিনিধি ফারুক আহমদ। তার প্রতিদ্বন্দ্বী দৈনিক নয়াদিগন্তের উখিয়া প্রতিনিধি কাজী হুমায়ুন কবির জুশান পেয়েছেন ৬ ভোট এবং আলোকিত উখিয়ার কাজী হুমায়ুন কবির বাচ্চু পেয়েছেন ৩ ভোট।
সাহিত্য ও প্রকাশনা সম্পাদক পদে ১৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন মুসলিম টাইমস ও এশিয়াবানীর মাহমুদুল হক বাবুল। তার প্রতিদ্বন্দ্বী কক্সটিভির বার্তা সম্পাদক শফিউল শাহীন পেয়েছেন ৮ ভোট।
বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ কমরুদ্দিন মুকুল, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল আজিজ, সহ-সাধারণ সম্পাদক মো. শহিদুল ইসলাম রুবেল, অর্থ সম্পাদক মোহাম্মদ ইব্রাহিম মোস্তফা, দপ্তর ও ক্রীড়া সম্পাদক ফেরদৌস ওয়াহিদ এবং কার্যনির্বাহী সদস্য সাঈদ মোহাম্মদ আনোয়ার হোসেন, আমানুল হক বাবুল, রতন কান্তি দে ও মৌলভী নুরুল হক।
নির্বাচিত কার্যনির্বাহী কমিটির মধ্যে সাঈদ মোহাম্মদ আনোয়ার টানা তিনবারের সাবেক সভাপতি ও বার্তাবাজার এবং আলোকিত বাংলাদেশের রিপোর্টার। আমানুল হক বাবুল মোহনা টিভির জেলা প্রতিনিধি। রতন কান্তি দে উখিয়া প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও দৈনিক অর্থনীতির কাগজের উখিয়া প্রতিনিধি।
নির্বাচন পরিচালনার জন্য কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সভাপতি নুরুল ইসলাম হেলালীকে প্রধান নির্বাচন কমিশনার করে তিন সদস্যের নির্বাচন কমিশন গঠন করা হয়। কমিশনের অপর দুই সদস্য ছিলেন কক্সবাজার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মমতাজ উদ্দিন বাহারী এবং উখিয়া প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি জসিম উদ্দিন চৌধুরী।
সকাল থেকেই প্রেসক্লাব প্রাঙ্গণে ভোটার ও প্রার্থীদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। নির্বাচনকে ঘিরে সাংবাদিকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। ভোটগ্রহণের সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র্যাব ও পুলিশের সদস্যরা দায়িত্ব পালন করেন।
ভোটগ্রহণ ও গণনা শেষে বিকেলে প্রধান নির্বাচন কমিশনার নুরুল ইসলাম হেলালী ফলাফল ঘোষণা করেন। তিনি বলেন, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন সম্পন্ন হয়েছে।
নবনির্বাচিত কমিটির মাধ্যমে উখিয়া প্রেসক্লাব সাংবাদিকদের পেশাগত অধিকার, মর্যাদা ও কল্যাণে আরও কার্যকর ভূমিকা রাখবে, এমন প্রত্যাশা ব্যক্ত করেছেন স্থানীয় সাংবাদিকরা।
আলোকিত প্রতিদিন /০৯ সেপ্টেম্বর/২০২৬/মওম

