আজ , ।   

জিয়া আন্তর্জাতিক বিমান বন্দর নামকরণ পুনর্বহাল করতে হবে: লেবার পার্টির চেয়ারম্যান

আরো খবর

নিজস্ব প্রতিবেদক

৭ই সেপ্টেম্বর ২০২৬ (সোমবার), কালভার্ট রোডস্থ দলীয় কার্যালয়ে ন্যাশনাল লেবার পার্টি ঢাকা মহানগর কর্তৃক এক আলোচনা সভা আয়োজিত হয়। সভায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নাম পরিবর্তন করে পূর্বের ‘জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর’ নামটি পুনর্বহালের জোর দাবি জানানো হয়।

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে ন্যাশনাল লেবার পার্টির চেয়ারম্যান ও ১২ দলীয় জোটের সমন্বয়ক লায়ন মোঃ ফারুক রহমান বলেন, “সাবেক স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের শাসনামলে জিয়া পরিবার চরম রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়েছিল। তৎকালীন সরকার রাজনৈতিকভাবে প্রতিদ্বন্দ্বিতা করতে ব্যর্থ হয়ে প্রতিহিংসার পথ বেছে নেয় এবং সেই ধারাবাহিকতায় জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরের নাম পরিবর্তন করে। আমরা বর্তমান সরকারের কাছে এই নাম অবিলম্বে পুনর্বহালের দাবি জানাচ্ছি।”

ন্যাশনাল লেবার পার্টি ঢাকা মহানগরের সভাপতি মাইদুল ইসলাম আসাদের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় বক্তারা বিমানবন্দরের ঐতিহাসিক প্রেক্ষাপট ও গুরুত্ব তুলে ধরে আলোচনা করেন।

বক্তারা উল্লেখ করেন, ১৯৮০ সালে মূল রানওয়ে ও কেন্দ্রীয় অংশ চালুর মাধ্যমে এই বিমানবন্দরটি আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে, যা তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান উদ্বোধন করেছিলেন। পরবর্তী সময়ে ১৯৮৩ সালে তৎকালীন রাষ্ট্রপতি আবদুস সাত্তার আনুষ্ঠানিকভাবে ‘জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর’ হিসেবে এর শুভ উদ্বোধন করেন। তবে ২০১০ সালে আওয়ামী লীগ সরকার রাজনৈতিক কারণে নাম পরিবর্তন করে এটি ‘হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর’ নামে রূপান্তর করে।

বক্তারা আরও জানান, ১,৯৮১ একর এলাকা জুড়ে বিস্তৃত এই বিমানবন্দর দিয়ে দেশের প্রায় ৫২ শতাংশ আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ ফ্লাইট পরিচালিত হয়। এখান দিয়ে বার্ষিক প্রায় ৪০ লাখ আন্তর্জাতিক ও ১০ লাখ অভ্যন্তরীণ যাত্রী এবং ১,৫০,০০০ টন ডাক ও মালামাল পরিবহন করা হয়, যা দেশের অর্থনীতি ও যোগাযোগ ব্যবস্থায় সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন আমজনতা দলের সাধারণ সম্পাদক মোঃ তারেক রহমান, দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপন, জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদের সভাপতি গিয়াস উদ্দিন খোকন, বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট আব্দুর রহিম, আমজনতা দলের সাংগঠনিক সম্পাদক মোঃ আরিফ বিল্লাহ, ন্যাশনাল লেবার পার্টির দলীয় মুখপাত্র মোঃ শরিফুল ইসলাম, অর্থ সম্পাদক মোঃ হাবিবুর রহমান, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আব্দুর রাজ্জাক রানা, দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের সহ-সভাপতি মোঃ রাকিব হোসেন এবং মোঃ শোয়েব আহমেদ সহ অন্যান্য নেতৃবৃন্দ।

- Advertisement -
- Advertisement -