আজ , ।   

উপজেলা নির্বাচনে পোস্টার-মিছিল নি*ষিদ্ধ, এআই অপপ্রচারেও নিষে*ধাজ্ঞা

আরো খবর

নিজস্ব প্রতিবেদক :

আসন্ন উপজেলা পরিষদ নির্বাচন সামনে রেখে নতুন উপজেলা পরিষদ নির্বাচন আচরণ বিধিমালা-২০২৬ জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)। গত ৩ সেপ্টেম্বর নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদের স্বাক্ষরে বিধিমালাটি গেজেট আকারে প্রকাশ করা হয়।

নতুন আচরণবিধিতে নির্বাচনী প্রচারণায় পোস্টার ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। একই সঙ্গে মিছিল-শোডাউন, হেলিকপ্টার বা অন্য কোনো আকাশযান ব্যবহার, সরকারি সুযোগ-সুবিধা গ্রহণ এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে মিথ্যা, বিভ্রান্তিকর বা বিদ্বেষপূর্ণ কনটেন্ট প্রচারের ওপরও বিধিনিষেধ আরোপ করা হয়েছে।

এ ছাড়া প্রার্থী ও তাদের সমর্থকদের প্রচারণার ধরন, নির্বাচনী ব্যয় এবং প্রচারে ব্যবহৃত বিভিন্ন মাধ্যমের ওপর নিয়ন্ত্রণ রাখা হয়েছে। আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ প্রমাণিত হলে গুরুতর ক্ষেত্রে সংশ্লিষ্ট প্রার্থীর প্রার্থিতা বাতিলের সুযোগও রাখা হয়েছে। বিধিমালা লঙ্ঘনের জন্য সর্বোচ্চ ছয় মাসের কারাদণ্ড এবং ৫০ হাজার টাকা জরিমানা বা উভয় দণ্ডের বিধান রয়েছে।

পোস্টার ও মিছিল নিষিদ্ধ
নতুন আচরণবিধির অন্যতম উল্লেখযোগ্য পরিবর্তন হলো নির্বাচনী প্রচারণায় পোস্টার নিষিদ্ধ করা। কোনো প্রার্থী বা তার পক্ষে অন্য কোনো ব্যক্তি নির্বাচনী প্রচারে পোস্টার ব্যবহার করতে পারবেন না।

এ ছাড়া ভবন, দেয়াল, গাছ, বেড়া, বিদ্যুতের খুঁটি, সরকারি স্থাপনা, সেতু ও কালভার্টসহ বিভিন্ন স্থানে প্রচারসামগ্রী ব্যবহারের ক্ষেত্রেও বিধিনিষেধ আরোপ করা হয়েছে।

তফসিল ঘোষণার পর থেকে নির্বাচনের ফলাফল গেজেট আকারে প্রকাশ না হওয়া পর্যন্ত প্রকাশ্য মিছিল বা শোভাযাত্রা করা যাবে না। ট্রাক, বাস, মোটরসাইকেল, নৌযান, ট্রেনসহ বিভিন্ন যানবাহন ব্যবহার করে মিছিল বা শোডাউনও নিষিদ্ধ করা হয়েছে।

নির্বাচনী প্রচারে হেলিকপ্টার বা অন্য কোনো আকাশযান ব্যবহার করেও প্রচারণা চালানো যাবে না।

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারে নিয়ম
নতুন বিধিমালায় সামাজিক যোগাযোগমাধ্যম ও ডিজিটাল প্ল্যাটফর্মে প্রচারের সুযোগ রাখা হয়েছে। তবে প্রচারণা শুরুর আগে প্রার্থীকে কোন কোন মাধ্যম ব্যবহার করবেন, সে বিষয়ে রিটার্নিং কর্মকর্তাকে তথ্য জানাতে হবে।

ডিজিটাল মাধ্যমে প্রচারণার জন্য যে অর্থ ব্যয় হবে, সেটিও প্রার্থীর নির্বাচনী ব্যয়ের হিসাবের অন্তর্ভুক্ত হবে।

এআই দিয়ে অপপ্রচারে নিষেধাজ্ঞা
ডিজিটাল প্রচারণায় কৃত্রিম বুদ্ধিমত্তার অপব্যবহার ঠেকাতে বিশেষ বিধান রাখা হয়েছে। কোনো প্রার্থী বা তার পক্ষে অন্য কেউ মিথ্যা, বিভ্রান্তিকর, বিদ্বেষপূর্ণ কিংবা ব্যক্তিগত আক্রমণমূলক বক্তব্য প্রচার করতে পারবেন না।

নির্বাচনী পরিবেশ ক্ষতিগ্রস্ত করতে পারে—এমন কোনো কনটেন্ট তৈরি বা প্রচারও নিষিদ্ধ। বিশেষ করে এআই ব্যবহার করে ভুয়া, বিভ্রান্তিকর বা বিদ্বেষপূর্ণ কনটেন্ট তৈরি ও প্রচারের ওপর নিষেধাজ্ঞা রয়েছে।

ভোটারকে প্রভাবিত করতে উপহার নয়
ভোটারদের প্রভাবিত করার জন্য অর্থ, খাদ্য, পানীয় বা উপহার দেওয়াও নিষিদ্ধ করা হয়েছে। পাশাপাশি ধর্মীয় উপাসনালয়, শিক্ষাপ্রতিষ্ঠান ও সরকারি অফিসে নির্বাচনী প্রচারণা চালানো যাবে না।

ধর্মের অপব্যবহার, পেশিশক্তির প্রয়োগ এবং প্রতিদ্বন্দ্বী প্রার্থীর বিরুদ্ধে কুৎসা, অপপ্রচার বা ব্যক্তিগত চরিত্রহননমূলক বক্তব্য প্রচারের ওপরও নিষেধাজ্ঞা রয়েছে।

সরকারি সুবিধা ব্যবহার নিষিদ্ধ
কোনো প্রার্থী নির্বাচনী প্রচারে সরকারি যানবাহন, প্রচারযন্ত্র কিংবা অন্য কোনো সরকারি সম্পদ ব্যবহার করতে পারবেন না। সরকারি কর্মকর্তা-কর্মচারী ও গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণের ক্ষেত্রেও বিধিনিষেধ রাখা হয়েছে।

নির্বাচনের দিন ভোটারদের কেন্দ্রে আনা-নেওয়ার জন্য যানবাহন ভাড়া করা বা ব্যবহারের সুযোগও থাকবে না। প্রচারণার সময় ক্যাম্প স্থাপন ও মাইক ব্যবহারের ক্ষেত্রেও নির্ধারিত নিয়ম মানতে হবে।

প্রার্থিতা বাতিল করতে পারবে ইসি
নতুন আচরণবিধিতে নির্বাচন কমিশনের ক্ষমতাও বাড়ানো হয়েছে। কোনো প্রার্থী বা তার নির্বাচনী এজেন্ট আচরণবিধি লঙ্ঘন করেছেন কিংবা লঙ্ঘনের চেষ্টা করেছেন বলে কমিশনের কাছে প্রতীয়মান হলে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার সুযোগ রয়েছে।

অভিযোগের সত্যতা প্রমাণিত হলে গুরুতর ক্ষেত্রে সংশ্লিষ্ট প্রার্থীর প্রার্থিতা বাতিল করতে পারবে নির্বাচন কমিশন।

এ ছাড়া নির্ধারিত নির্বাচনী ব্যয়সীমা অতিক্রম করা, অর্থ বা পেশিশক্তি ব্যবহার করে ভোটারদের প্রভাবিত করা এবং সরকারি সুযোগ-সুবিধা কাজে লাগিয়ে নির্বাচনী প্রচারণা চালানোকে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য করা হবে।

নির্বাচন কমিশনের নতুন আচরণবিধির মূল উদ্দেশ্য উপজেলা পরিষদ নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও প্রতিযোগিতামূলক করা এবং প্রার্থীদের জন্য সমান সুযোগ নিশ্চিত করা। বিশেষ করে পোস্টার, মিছিল ও শোডাউন নিষিদ্ধ করা এবং ডিজিটাল প্রচারণায় এআই-নির্ভর অপপ্রচার ঠেকানোর বিধান এবারের নির্বাচনী প্রচারণায় বড় ধরনের পরিবর্তন আনতে পারে।

আলোকিত প্রতিদিন / এম আর এম

- Advertisement -
- Advertisement -