নিজস্ব প্রতিবেদক :
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়ের বিরুদ্ধে নির্ধারিত ৩০ দিনের মধ্যে আপিল না করলে পরে আর সেই সুযোগ থাকে না বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। তিনি বলেছেন, আইন সবার জন্য সমান—পলাতক আসামি মাওলানা আবুল কালাম আজাদ কিংবা মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সবার ক্ষেত্রেই একই বিধান প্রযোজ্য।
সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুরে নিজ কার্যালয়ের সংবাদ সম্মেলনকক্ষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন চিফ প্রসিকিউটর। প্রশ্নটি ছিল মাওলানা আবুল কালাম আজাদের আপিলের বিষয়ে।
আমিনুল ইসলাম বলেন, মাওলানা আবুল কালাম আজাদকে ট্রাইব্যুনাল মৃত্যুদণ্ড দিয়েছিল। তিনি দীর্ঘদিন দেশের বাইরে ছিলেন এবং নির্ধারিত সময়ের মধ্যে আপিল করেননি। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের ২১(৩) ধারায় রায় ঘোষণার ৩০ দিনের মধ্যে আপিল করার বাধ্যবাধকতা রয়েছে।
তিনি বলেন, নির্ধারিত সময়ের মধ্যে আপিল না করলে তা আর গ্রহণযোগ্য হবে না। আসামি পলাতক থাকুক কিংবা কারাগারে থাকুক—সবার ক্ষেত্রেই রায় ঘোষণার ৩০ দিনের মধ্যে আপিল করতে হবে। এ বিধান শেখ হাসিনা কিংবা মাওলানা আবুল কালাম আজাদ—সবার জন্যই সমানভাবে প্রযোজ্য।
চিফ প্রসিকিউটর জানান, কিছুদিন আগে আপিল বিভাগে মাওলানা আবুল কালাম আজাদের মামলার বিষয়ে শুনানি হয়েছে। সেখানে প্রসিকিউশনের পক্ষ থেকে সংশ্লিষ্ট আইন ও বিধান তুলে ধরা হয়েছে।
তিনি বলেন, মাওলানা আবুল কালাম আজাদের আপিল এখনো আপিল বিভাগ গ্রহণ করেননি। ফলে এ মুহূর্তে আপিল বিভাগের সামনে তার বিষয়ে কোনো বিচারিক কার্যক্রমও চলমান নেই। তার আইনজীবীরাও বিষয়টির আইনগত দিক অনুধাবন করতে পেরেছেন বলেই এ বিষয়ে পরবর্তী কোনো পদক্ষেপ নেননি বলে মনে করেন তিনি।
সরকার যেকোনো সাজা স্থগিত করতে পারে উল্লেখ করে আমিনুল ইসলাম বলেন, রায় ঘোষণার ৩০ দিনের মধ্যে কেউ আপিল না করলে অন্য কোনো ফোরামেও আইনগত প্রতিকার চাওয়ার সুযোগ থাকে না। ফলে ট্রাইব্যুনালের রায়ের পর ৩০ দিন পার হয়ে গেলে তা বাস্তবায়ন করা ছাড়া আর কোনো আইনগত বিকল্প নেই বলে তিনি মনে করেন।
তবে সাজা স্থগিত করার ক্ষেত্রে সরকারের একটি অন্তর্নিহিত ক্ষমতা রয়েছে বলেও জানান চিফ প্রসিকিউটর। তিনি বলেন, সরকার চাইলে যেকোনো ব্যক্তির সাজা স্থগিত করতে পারে। এটি সরকারের সহজাত বা অন্তর্নিহিত ক্ষমতা। সরকার কারও ক্ষেত্রে এই ক্ষমতা প্রয়োগ করতে পারে, আবার কারও ক্ষেত্রে নাও করতে পারে—বিষয়টি সরকারের সিদ্ধান্তের ওপর নির্ভরশীল।
আলোকিত প্রতিদিন / এম আর এম

