আজ , ।   

দেশে মানুষের মাথাপিছু ঋণ ১ লাখ ২৯ হাজার ২৩৯ টাকা: অর্থমন্ত্রী

আরো খবর

আলোকিত প্রতিবেদক :

দেশের মানুষের মাথাপিছু ঋণের পরিমাণ ১ লাখ ২৯ হাজার ২৩৯ টাকা ছাড়িয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। রোববার জাতীয় সংসদের অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে কুষ্টিয়া-১ আসনের সংসদ সদস্য রেজা আহাম্মেদের লিখিত প্রশ্নের জবাবে এ তথ্য জানান তিনি। অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার কায়সার কামাল।

রেজা আহাম্মেদ জানতে চান, বর্তমানে দেশের জনগণের মাথাপিছু ঋণের পরিমাণ কত এবং ২০২৬ সালে তা কত ছিল। একই সঙ্গে ঋণের বোঝা কমাতে সরকার কী ধরনের পদক্ষেপ নিয়েছে, সে বিষয়েও জানতে চান তিনি। জবাবে অর্থমন্ত্রী জানান, ৩১ মার্চ ২০২৬ পর্যন্ত দেশের জনগণের মাথাপিছু ঋণের পরিমাণ ছিল ১ লাখ ২৯ হাজার ২৩৯ দশমিক ১৯ টাকা।

অর্থমন্ত্রী বলেন, ঋণের চাপ কমাতে সরকার রাজস্ব আহরণ বাড়ানো, সরকারি অর্থের সুষ্ঠু ও দক্ষ ব্যবস্থাপনা এবং ঋণ ব্যবস্থাপনাকে আরও সুশৃঙ্খল করার ওপর গুরুত্ব দিচ্ছে।

রাজস্ব আহরণের পরিধি সম্প্রসারণের পাশাপাশি কর ও কর-বহির্ভূত রাজস্ব (এনটিআর) বাড়িয়ে সরকারের নিজস্ব আয় বৃদ্ধির উদ্যোগ নেওয়া হয়েছে। এর মাধ্যমে সরকারের ঋণের প্রয়োজনীয়তা কমানোর চেষ্টা চলছে।

একই সঙ্গে সরকারি ব্যয় আরও সাশ্রয়ী ও ফলপ্রসূ করা এবং অপ্রয়োজনীয় ও অগ্রাধিকারবহির্ভূত ব্যয় নিয়ন্ত্রণের মাধ্যমে সরকারের অর্থায়নের চাহিদা কমানোর উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান তিনি। সরকারি ঋণের সুদ ব্যয় ও ঝুঁকি কমাতে বাজারভিত্তিক ও সুশৃঙ্খল ঋণ ব্যবস্থাপনা অনুসরণ করা হচ্ছে বলে জানান অর্থমন্ত্রী।

এ লক্ষ্যে অভ্যন্তরীণ ঋণবাজারের উন্নয়ন এবং সরকারি সিকিউরিটিজের বাজারকে আরও কার্যকর করার উদ্যোগ নেওয়া হয়েছে।সঞ্চয়পত্রের মাধ্যমে অতিরিক্ত ঋণ গ্রহণ নিয়ন্ত্রণে নির্ধারিত সীমা বা সিলিং অনুসরণ করা হচ্ছে। পাশাপাশি বাজার পরিস্থিতির সঙ্গে সামঞ্জস্য রেখে সঞ্চয়পত্রের সুদের হার নির্ধারণের উদ্যোগ নেওয়া হয়েছে।

অর্থমন্ত্রীর মতে, এসব পদক্ষেপের ফলে উচ্চ ব্যয়ের ঋণের ওপর নির্ভরতা কমবে এবং সরকারের সামগ্রিক সুদ ব্যয় নিয়ন্ত্রণের পাশাপাশি আরও ভারসাম্যপূর্ণ ঋণ পোর্টফোলিও গড়ে তোলা সম্ভব হবে।

অতিরিক্ত ও অপরিকল্পিত ঋণ এড়াতে ‘অ্যানুয়াল বরোয়িং প্ল্যান’ প্রণয়ন ও তা অনুসরণের ওপর সরকার গুরুত্ব দিচ্ছে বলে জানান আমির খসরু মাহমুদ চৌধুরী।

আলোকিত প্রতিদিন / এম আর এম

- Advertisement -
- Advertisement -