নিজস্ব প্রতিবেদক :
প্রতারণার মামলায় সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রয়াত হুসেইন মুহম্মদ এরশাদের সাবেক স্ত্রী বিদিশা সিদ্দিককে জামিন দিয়েছেন হাইকোর্ট। ফলে তার কারামুক্তিতে এখন আর কোনো বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা।
রোববার (৬ সেপ্টেম্বর) বিচারপতি মো. খায়রুল আলম ও বিচারপতি মো. রাফিজুল ইসলামের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ জামিনের আদেশ দেন।
আদালতে বিদিশার পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট ফজলুর রহমান খান ও অ্যাডভোকেট মাসুদ মিয়া। শুনানি শেষে আইনজীবী মাসুদ মিয়া জানান, বিদিশার বিরুদ্ধে আর কোনো মামলা না থাকায় তার কারামুক্তিতে আইনগত কোনো বাধা নেই।
এর আগে গত ২৬ আগস্ট প্রতারণার মামলায় বিদিশাকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। একই মামলায় তাকে দেওয়া দুই বছরের কারাদণ্ডের কারণে তার বিরুদ্ধে আগে থেকেই সাজা পরোয়ানা জারি ছিল। গত ২৫ আগস্ট রাত সাড়ে ৮টার দিকে রাজধানীর গুলশানের একটি রেস্তোরাঁ থেকে বিদিশা সিদ্দিককে গ্রেপ্তার করা হয়।
যে মামলায় সাজা হয়েছিল :
ফ্ল্যাট বিক্রি নিয়ে প্রতারণার অভিযোগে করা মামলায় গত ২০ মে বিদিশাকে দুই বছরের সশ্রম কারাদণ্ড দেন আদালত। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জামসেদ আলম এ রায় ঘোষণা করেন।
রায়ে কারাদণ্ডের পাশাপাশি বিদিশাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানার অর্থ পরিশোধে ব্যর্থ হলে তাকে আরও এক মাসের কারাদণ্ড ভোগ করতে হবে বলে আদেশ দেওয়া হয়। রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত না থাকায় বিদিশার বিরুদ্ধে সাজা পরোয়ানা জারি করা হয়েছিল।
মামলার নথি অনুযায়ী, ব্যবসায়ী মোশাররফ হোসেন ২০০৮ সালের ৭ ফেব্রুয়ারি বিদিশার বিরুদ্ধে মামলাটি করেন। অভিযোগে বলা হয়, বাদী মিরপুর-১০ এলাকায় স্যানিটারি পণ্যের আমদানিকারক ও ব্যবসায়ী হিসেবে কাজ করতেন। ফ্ল্যাট বিক্রিকে কেন্দ্র করে তার সঙ্গে প্রতারণা করা হয়েছে—এমন অভিযোগেই মামলাটি দায়ের করা হয়।
আলোকিত প্রতিদিন / এম আর এম

