আজ , ।   

ভবিষ্যৎ প্রজন্মের জন্য দূষণমুক্ত নদী ও বাসযোগ্য পরিবেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

আরো খবর

বিশেষ প্রতিবেদক :

ভবিষ্যৎ প্রজন্মের জন্য দূষণমুক্ত নদী ও পরিচ্ছন্ন, বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

রোববার (৬ সেপ্টেম্বর) সকালে বাংলাদেশ সচিবালয়ে রাজধানী ঢাকার চারপাশের নদ-নদীর দূষণ নিয়ন্ত্রণ, বর্জ্য অপসারণ ও ব্যবস্থাপনা, নদী সংরক্ষণ, নাব্যতা নিশ্চিতকরণ এবং বৃত্তাকার নৌপথের উন্নয়ন নিয়ে আয়োজিত পর্যালোচনা সভায় তিনি এ আহ্বান জানান।

সভায় রাজধানীর চারপাশের বুড়িগঙ্গা, তুরাগ, ধলেশ্বরী, বালু ও শীতলক্ষ্যা নদীর দূষণ নিয়ন্ত্রণ এবং বর্জ্য অপসারণ নিয়ে বিস্তারিত আলোচনা হয়। পাশাপাশি নদীগুলোর নাব্যতা ও পানির স্বাভাবিক প্রবাহ নিশ্চিত করা এবং নদীসংলগ্ন খাল ও ড্রেনের দূষণ নিয়ন্ত্রণে নেওয়া বিভিন্ন পদক্ষেপ পর্যালোচনা করা হয়।

এ ছাড়া ঢাকার চারপাশে বিদ্যমান বৃত্তাকার নৌপথের উন্নয়ন ও কার্যকর ব্যবস্থাপনা নিয়েও সভায় আলোচনা হয়। সভায় এ পর্যন্ত নেওয়া পরিকল্পনা ও সিদ্ধান্তগুলো দ্রুত বাস্তবায়নে কার্যকর উদ্যোগ নেওয়ার নির্দেশ দেন প্রধানমন্ত্রী। সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থাগুলোর মধ্যে সমন্বয় আরও জোরদার করে পরিকল্পিতভাবে কাজ এগিয়ে নেওয়ার ওপর গুরুত্ব দেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, নিজেদের জন্য যেমন পরিবেশ রক্ষা করতে হবে, তেমনি ভবিষ্যৎ প্রজন্মের জন্যও দূষণমুক্ত নদী ও একটি বাসযোগ্য পরিবেশ রেখে যেতে হবে। এ ক্ষেত্রে শুধু সরকারি নির্দেশনা বা উদ্যোগের ওপর নির্ভর না করে প্রত্যেককে নিজ নিজ জায়গা থেকে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।

সভায় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খান, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু, শিল্প ও বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, পানিসম্পদমন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি, নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলমসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা উপস্থিত ছিলেন।

এ ছাড়া প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার, বাংলাদেশ নৌবাহিনীর কমান্ডার ঢাকা নৌ অঞ্চল রিয়ার অ্যাডমিরাল আব্দুল্লাহ-আল-মাকসুস, সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের সচিব, ঢাকা, নারায়ণগঞ্জ ও গাজীপুর সিটি করপোরেশনের প্রশাসক এবং বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা সভায় অংশ নেন।

আলোকিত প্রতিদিন / এম আর এম

- Advertisement -
- Advertisement -