আজ , ।   

কক্সবাজারে জেন্ডারভিত্তিক স*হিংসতা মোকাবিলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সক্ষমতা বৃদ্ধিতে প্রশিক্ষণের আয়োজন

আরো খবর

নিজস্ব প্রতিবেদকঃ

কারিতাস বাংলাদেশের ইমার্জেন্সি রেসপন্স প্রোগ্রাম (ERP)-এর উদ্যোগে, Caritas Canada (CCODP) -এর অর্থায়নে এবং Global Affairs of Canada (GAC)-এর অংশীদারিত্বে, কক্সবাজারের হোটেল লং বিচে “Strengthening the Capacity of Law Enforcement Agency on Responding to Gender-Based Violence (GBV)” শীর্ষক দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৬ সেপ্টেম্বর)
সকাল ৮টা ৫০ মিনিট থেকে বিকেল ৫টা পর্যন্ত অনুষ্ঠিত এ প্রশিক্ষণে ৪০ জন অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীদের মধ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, বিশেষ করে এফডিএমএন ক্যাম্পে কর্মরত এপিবিএন সদস্যরা ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড.মোঃ আল-মামুনুল আনসারী, ডিআইজি অপিএস ও এফডিএমএন, এপিবিএন, কক্সবাজার।

বিশেষ অতিথি হিসেবে আরআরআরসি কার্যালয় কক্সবাজারের অতিরিক্ত শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার ( উপসচিব) নজমুল ইসলাম ভূঁইয়া,সিনিয়র সহকারী সচিব মোঃ আফতাবুজ্জামান আল ইমরান উপস্থিত ছিলেন।
এছাড়া প্রশিক্ষণ কর্মশালায় কারিতাস বাংলাদেশের ইমার্জেন্সি রেসপন্স প্রোগ্রামের প্রকল্প পরিচালক লিটন গোমেজসহ অন্যান্য প্রশিক্ষক ও বিশেষ ব্যক্তিত্বদ্বয় উপস্থিত ছিলেন।
প্রশিক্ষণের মূল উদ্দেশ্য ছিল কক্সবাজারের বর্তমান জেন্ডারভিত্তিক সহিংসতা (GBV) পরিস্থিতি সম্পর্কে অংশগ্রহণকারীদের ধারণা দেওয়া, GBV-এর বিভিন্ন ধরণ, কারণ ও পরিণতি চিহ্নিত করার সক্ষমতা বৃদ্ধি করা এবং GBV-এর ঘটনায় ভুক্তভোগীকেন্দ্রিক নীতিমালা অনুসরণ করে যথাযথভাবে সাড়া দেওয়ার দক্ষতা উন্নত করা। পাশাপাশি সুরক্ষা কার্যক্রমের সমন্বয়ে এপিবিএনের নির্দিষ্ট ভূমিকা সম্পর্কে ধারণা দেওয়া এবং জেন্ডারভিত্তিক সহিংসতা , মনো:সামজিক ‍সহায়তা ও শিশু সুরক্ষা সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে সমন্বয় করে কার্যকর রেফারেল ব্যবস্থা ব্যবহারের সক্ষমতা বৃদ্ধির ওপর গুরুত্ব দেওয়া হয়।
প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের জেন্ডারের ধারণা, জেন্ডারভিত্তিক সহিংসতার ধরন , GBV-সংক্রান্ত মিথ ও বাস্তবতা, জেন্ডারভিত্তিক ‍সহিংসতা প্রশমনে এপিবিএন সদস্যদের ভূমিকা এবং মানসিক চাপ ব্যবস্থাপনা ও আত্মযত্ন সম্পর্কে ধারণা দেওয়া হয়।
অনুষ্ঠানের শুরুতে কারিতাস বাংলাদেশের ইমার্জেন্সি রেসপন্স প্রোগ্রামের প্রকল্প পরিচালক লিটন গোমেজ স্বাগত বক্তব্য দেন।
তিনি অতিথি, প্রশিক্ষক, বিশেষ ব্যক্তিত্বদ্বয় এবং অংশগ্রহণকারীদের স্বাগত জানান এবং প্রশিক্ষণের গুরুত্ব তুলে ধরেন।
বিশেষ অতিথি নজমুল ইসলাম ভূঁইয়া তাঁর বক্তব্যে জেন্ডারভিত্তিক সহিংসতা মোকাবিলায় এ ধরনের উদ্যোগের গুরুত্ব এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে কার্যকর সমন্বয়ের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।
তিনি বলেন, প্রতি মাসেই জেন্ডারভিত্তিক সহিংসতার বিভিন্ন ঘটনার প্রতিবেদন পাওয়া যায়, যার অনেকগুলোই রাতে সংঘটিত হয়। শুধু শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণই এ ধরনের সহিংসতা মোকাবিলার একমাত্র উপায় নয়; ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের কাউন্সেলিং ও প্রয়োজনীয় সহায়তা প্রদানও জরুরি।
তিনি আরও বলেন, রোহিঙ্গা জনগোষ্ঠীর সঙ্গে এপিবিএন সদস্যদের নিয়মিত ও নিবিড় যোগাযোগ রয়েছে। ফলে প্রাথমিক পর্যায়েই বিভিন্ন সমস্যা ও ঝুঁকি চিহ্নিত করার ক্ষেত্রে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন। প্রশিক্ষণ থেকে অর্জিত জ্ঞান কাজে লাগিয়ে প্রাথমিক সহায়তা প্রদান, সহিংসতা প্রতিরোধ এবং ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের প্রয়োজনীয় সেবার সঙ্গে সংযুক্ত করার জন্য তিনি এপিবিএন সদস্যদের প্রতি আহ্বান জানান।
প্রধান অতিথি ড. মোঃ আল-মামুনুল আনসারী প্রশিক্ষণের উদ্বোধন করেন এবং বক্তব্য দেন। তিনি এফডিএমএন ক্যাম্পের প্রেক্ষাপটে এ ধরনের প্রশিক্ষণের গুরুত্ব তুলে ধরে অংশগ্রহণকারীদের প্রশিক্ষণ থেকে অর্জিত জ্ঞান ও দক্ষতা বাস্তব কর্মক্ষেত্রে প্রয়োগের আহ্বান জানান। তিনি সম্প্রতি বাহিনীতে যোগদান করা নতুন এপিবিএন সদস্যদের জন্যও এ ধরনের প্রশিক্ষণের আয়োজন করতে কারিতাস বাংলাদেশকে অনুরোধ করেন।
এপিবিএন ও কারিতাস বাংলাদেশের মধ্যে সহযোগিতা ও সমন্বয় আরও জোরদার হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। এফডিএমএন জনগোষ্ঠীর প্রয়োজন ও সুরক্ষা নিশ্চিত করতে সংশ্লিষ্ট পক্ষগুলোর সমন্বিতভাবে কাজ করার উপরও তিনি গুরুত্বারোপ করেন। পরে তিনি “এফডিএমএন ক্যাম্পে জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধ ” শীর্ষক একটি সেশন পরিচালনা করেন।
দিনব্যাপী প্রশিক্ষণে সুরক্ষা ও জেন্ডারভিত্তিক সহিংসতা (GBV) সম্পর্কিত বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়। এর মধ্যে ছিল সুরক্ষা কার্যক্রম, জেন্ডারের ধারণা এবং এর মৌলিক বিষয়সমূহ। অংশগ্রহণকারীরা বিভিন্ন দলগত কাজে অংশগ্রহণ নেন পাশাপাশি এর মাধ্যমে GBV-এর কারণ, প্রচলিত ভুল ধারণা এবং এর প্রভাব সম্পর্কে তাদের ধারণা আরও সুস্পষ্ট হয়। পাশাপাশি রোহিঙ্গা ক্যাম্পে সুরক্ষা-সংক্রান্ত উদ্বেগ ও GBV মোকাবিলায় এপিবিএন সদস্যদের ভূমিকা ও দায়িত্ব নিয়ে আলোচনা করা হয়। চ্যালেঞ্জিং পরিবেশে কর্মরত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের মানসিক সুস্থতা নিশ্চিত করতে মানসিক চাপ ব্যবস্থাপনা ও আত্মযত্ন বিষয়েও আলোচনা করা হয়।
দিনব্যাপী প্রশিক্ষণ শেষে কারিতাস বাংলাদেশের ইমার্জেন্সি রেসপন্স প্রোগ্রামের প্রকল্প পরিচালক লিটন গোমেজ-এর পরিচালনায় সমাপনী অধিবেশন অনুষ্ঠিত হয়।
সমাপনী বক্তব্যে তিনি দেশব্যাপী সহিংসতা প্রতিরোধ ও মোকাবিলায় কারিতাস বাংলাদেশ ও বাংলাদেশ সরকারের মধ্যে অব্যাহত সহযোগিতা ও সমন্বয়ের ওপর গুরুত্বারোপ করেন। প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের সক্রিয় অংশগ্রহণ ও মূল্যবান অবদানের জন্য তিনি আন্তরিক কৃতজ্ঞতা জানান।
সার্বিকভাবে, প্রশিক্ষণটি অংশগ্রহণকারী আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের জেন্ডার, জেন্ডারভিত্তিক সহিংসতা, নারী ও শিশুদের সুরক্ষা, এপিবিএন সদস্যদের ভূমিকা এবং মানসিক চাপ ব্যবস্থাপনা ও আত্মযত্ন বিষয়ে জ্ঞান ও ধারণা বৃদ্ধির একটি কার্যকর প্ল্যাটফর্ম হিসেবে কাজ করেছে। প্রশিক্ষণের মাধ্যমে এফডিএমএন ক্যাম্পে জেন্ডারভিত্তিক সহিংসতা ও সুরক্ষা-সংক্রান্ত উদ্বেগের ক্ষেত্রে যথাযথ, সংবেদনশীল ও কার্যকরভাবে সাড়া দেওয়ার ক্ষেত্রে অংশগ্রহণকারীদের সক্ষমতা আরও জোরদার হয়েছে।

আলোকিত প্রতিদিন /০৬ সেপ্টেম্বর/২০২৬/মওম

- Advertisement -
- Advertisement -