আজ , ।   

ইস্টার্ন রিফাইনারির সক্ষমতা বাড়ছে তিনগুণ, বছরে শোধন হবে ৪৫ লাখ টন তেল

আরো খবর

জ্বালানি আমদানি নির্ভরতা কমাতে প্রকল্পে আইডিবির প্রায় ১২ হাজার কোটি টাকার অর্থায়ন

নিজস্ব প্রতিবেদক :

দেশের জ্বালানি নিরাপত্তা জোরদার এবং পরিশোধিত জ্বালানি তেলের আমদানি নির্ভরতা কমাতে ইস্টার্ন রিফাইনারির আধুনিকায়ন ও সম্প্রসারণ করা হচ্ছে। প্রকল্পটি বাস্তবায়িত হলে প্রতিষ্ঠানটির বার্ষিক তেল শোধন ক্ষমতা তিনগুণ বেড়ে ১৫ লাখ থেকে ৪৫ লাখ মেট্রিক টনে উন্নীত হবে। এ প্রকল্পে ১ হাজার ৪.২৯ মিলিয়ন মার্কিন ডলার অর্থায়ন করবে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক (আইডিবি)। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ১২ হাজার কোটি টাকা।

‘মডার্নাইজেশন অ্যান্ড এক্সপ্যানশন অব ইস্টার্ন রিফাইনারি ইন বাংলাদেশ’ শীর্ষক প্রকল্পে অর্থায়নের জন্য বাংলাদেশ সরকার ও আইডিবির মধ্যে বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) চুক্তি স্বাক্ষর হয়। শনিবার (৫ সেপ্টেম্বর) অর্থ মন্ত্রণালয় থেকে এ তথ্য জানানো হয়েছে।

চুক্তিতে বাংলাদেশের পক্ষে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) অতিরিক্ত সচিব ড. মোহাম্মদ মিজানুর রহমান এবং আইডিবির পক্ষে কান্ট্রি প্রোগ্রামসের ডিরেক্টর জেনারেল আনাসে আইসামি স্বাক্ষর করেন। এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমান এবং ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক গ্রুপের চেয়ারম্যান ড. মুহাম্মদ আল জাসের উপস্থিত ছিলেন।

ইআরডি জানিয়েছে, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের আওতায় বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) প্রকল্পটি বাস্তবায়ন করবে। এ অর্থায়নের মধ্য দিয়ে বাংলাদেশ ও আইডিবির চলমান উন্নয়ন সহযোগিতা আরও জোরদার হবে বলে আশা করা হচ্ছে।

বাংলাদেশে একক প্রকল্পে আইডিবির সর্বোচ্চ বিনিয়োগ :

ইআরডির তথ্য অনুযায়ী, বাংলাদেশে কোনো একক প্রকল্পে এটিই আইডিবির সর্বোচ্চ বিনিয়োগ। প্রকল্পটি বাস্তবায়িত হলে দেশের প্রধান তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারির সক্ষমতা ১৫ লাখ থেকে বেড়ে ৪৫ লাখ মেট্রিক টনে দাঁড়াবে।

এর ফলে দেশে পরিশোধিত জ্বালানি তেলের সরবরাহ সক্ষমতা বাড়বে এবং জ্বালানি নিরাপত্তা আরও শক্তিশালী হবে। একই সঙ্গে পরিবেশবান্ধব ইউরো-৫ মানসম্পন্ন পেট্রোলিয়াম পণ্য উৎপাদনের সুযোগ তৈরি হবে।

ইস্টার্ন রিফাইনারির সক্ষমতা তিনগুণ বাড়ানো হলে পরিশোধিত জ্বালানি তেল আমদানির ওপর বাংলাদেশের নির্ভরতাও কমবে। এতে বৈদেশিক মুদ্রার সাশ্রয়ের পাশাপাশি দেশের জ্বালানি সরবরাহ ব্যবস্থায় আরও স্থিতিশীলতা আসবে বলে আশা করছে সরকার।

বাংলাদেশের সঙ্গে সহযোগিতা বাড়াবে আইডিবি :

বাংলাদেশের অন্যতম প্রধান বহুপক্ষীয় উন্নয়ন সহযোগী আইডিবি। প্রতিষ্ঠার পর থেকে সংস্থাটি বাংলাদেশকে অনুদান, প্রকল্প ঋণ, বাণিজ্য অর্থায়ন, বেসরকারি খাতে অর্থায়ন এবং রপ্তানি ঋণ গ্যারান্টিসহ বিভিন্ন ধরনের সহায়তা দিয়ে আসছে।

অর্থায়ন চুক্তি স্বাক্ষরের পর আইডিবি গ্রুপের চেয়ারম্যান ড. মুহাম্মদ আল জাসের প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। সাক্ষাতে তিনি বাংলাদেশের উন্নয়ন অগ্রাধিকার বাস্তবায়নে প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত রাখার অঙ্গীকার করেন।

এ সময় প্রধানমন্ত্রী সহজ শর্তে অর্থায়নের ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি বাংলাদেশ ও আইডিবির মধ্যকার সম্পর্ক আরও গভীর করতে সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন তিনি।

আলোকিত প্রতিদিন / এম আর এম

- Advertisement -
- Advertisement -