নিজস্ব প্রতিবেদক:
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বলেছেন, সোলার পাওয়ার নিয়ে প্রধানমন্ত্রী অত্যন্ত সিরিয়াস। সচিবালয় প্রধানমন্ত্রী যে ভবনে বসেন, সে ভবনটি কিন্তু শতভাগ সোলার এনার্জিতে নিয়ে আসা হয়েছে। আমরা চেষ্টা করছি, বিভিন্ন জায়গায় সরকারি দফতরগুলোতে যতটুকু সম্ভব সোলার এনার্জি ব্যবহার করার জন্য।
৫ সেপ্টেম্বর শনিবার রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে সেন্টার ফর এনআরবি আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
শামা ওবায়েদ বলেন, সরকার বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনের জন্য কিন্তু উদ্যোগ নিয়েছে। সেখানে চীন আছে, জাপান আছে; বিভিন্ন দেশের সঙ্গে আমাদের কথা হচ্ছে। এলএনজি আরও বাড়ানোর জন্য আমরা ভিন্ন ভিন্ন জায়গায় চেষ্টা করছি।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ডাইভার্সিফিকেশন ইকোনমিক ডিপ্লোমেসিতে এই যুদ্ধটা আমাদের দেখিয়ে দিয়েছে, আমরা যদি একটা সোর্সের ওপর বেশি ডিপেন্ডেন্ট থাকি, সেটা এনার্জি বলেন বা অন্য কোনও প্রোডাক্ট বলেন—অর্থনীতির ওপর বিশাল চাপ পড়ে। আমরা এনার্জির জন্য ডাইভার্সিফিকেশনের চেষ্টা করছি। আফ্রিকান কান্ট্রিগুলার দিকে দেখছি, আমি ব্যক্তিগতভাবে আফ্রিকান কন্টিনেন্ট নিয়ে অনেক কাজ করছি। আফ্রিকাতে এনার্জি সোর্স পাওয়া যায় কি না সেটা চেষ্টা করছি।
তিনি বলেন, গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হওয়ার পরে আমাদের প্রধানমন্ত্রী এই প্রথম জাতিসংঘের সাধারণ সভায় অংশগ্রহণ করবেন। যেখানে বিএনপির ফরেন পলিসি- বাংলাদেশ ফার্স্ট বা সবার আগে বাংলাদেশ প্রতিপাদ্য মাথায় রেখে বাংলাদেশকে তুলে ধরার বিশাল সুযোগ। সেখানে আমাদের জাতীয় স্বার্থ গুরুত্ব পাবে। বাংলাদেশের যেসব সম্ভাবনা আছে, সেগুলো গুরুত্ব পাবে। বাংলাদেশের অর্থনৈতিক উন্নতি কীভাবে হতে পারে সেটা গুরুত্ব পাবে। সবকিছু মিলিয়েই এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আরও বেশি গুরুত্বপূর্ণ সাধারণ সভায় সভাপতিত্ব করবেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। এই সেশনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে আমাদের জন্য।
তিনি আরও বলেন, আমরা শুধু ভালোটা বহির্বিশ্বে প্রচার করতে চাই না। আমরা আসলেই ভালো কিছু করতে চাই। যাতে আপনারা বলতে পারে যে, ভালো কিছু হচ্ছে। বর্তমান সরকারের প্রধান ম্যানিফেস্টো হলো অর্থনৈতিক কূটনীতি। সেই জায়গাটা থেকে বিচার করলে, শুরু থেকে একটা ভঙ্গুর অর্থনীতি যেটাকে আমরা অলরেডি ইনহেরিট করেছি। একটা ভাঙাচোরা অবস্থা থেকে তুলে এনে একটা সঠিক প্রসেসে যেতে সময় প্রয়োজন।
আলোকিত প্রতিদিন /০৫ সেপ্টেম্বর/২০২৬/মওম

