৭২ ঘণ্টার উদ্ধার অভিযানে মিলল মালকা পরিবারের সদস্যদের লাশ ও দেহাবশেষ
আন্তর্জাতিক ডেস্ক :
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার গাজা সিটির জেইতুন এলাকায় একটি ভবনের ধ্বংসস্তূপ থেকে একই পরিবারের ৫৫ জনের মরদেহ ও দেহাবশেষ উদ্ধার করা হয়েছে। ফিলিস্তিনি সিভিল ডিফেন্স জানিয়েছে, নিহত সবাই মালকা পরিবারের সদস্য। শনিবার (৫ সেপ্টেম্বর) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
সিভিল ডিফেন্সের তথ্য অনুযায়ী, প্রায় দুই বছর আগে মালকা পরিবারের সদস্যরা ওই ভবনে আশ্রয় নিয়েছিলেন। পরে ভবনটিতে ইসরাইলি বাহিনীর হামলায় তারা নিহত হন বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
৭২ ঘণ্টার অভিযানে উদ্ধার ৫৫ জনের মরদেহ
কর্তৃপক্ষ জানায়, মালকা পরিবারের ৬০ জনের বেশি সদস্য নিখোঁজ হওয়ার পর গত ৭২ ঘণ্টা ধরে তাদের সন্ধানে উদ্ধার অভিযান চালানো হয়। পরে ধ্বংসস্তূপের নিচ থেকে পরিবারের অধিকাংশ সদস্যের লাশ ও দেহাবশেষ উদ্ধার করতে সক্ষম হন উদ্ধারকারীরা। উদ্ধার করা মরদেহ ও দেহাবশেষগুলো পরিবারের সদস্যদের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানা গেছে।
হবে যৌথ জানাজা ও দাফন
উদ্ধার করা মরদেহগুলো নিয়ে আগামী সপ্তাহের শুরুতে যৌথ জানাজা ও দাফনের আয়োজন করা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।একটি পরিবারের এতসংখ্যক সদস্যের প্রাণহানি গাজায় চলমান মানবিক বিপর্যয়ের ভয়াবহতার আরেকটি চিত্র তুলে ধরেছে।
আলোকিত প্রতিদিন / এম আর এম

