প্রতিনিধি,নেত্রকোনা:
নেত্রকোনার কলমাকান্দা উপজেলার রংছাতি ইউনিয়নের পাঁচগাঁও বাজারে অগ্নিকাণ্ডে ৬টি দোকান পুড়ে গেছে। ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়,আনুমানিক ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। বৃহস্পতিবার (৩আগস্ট) ভোররাতে পাঁচগাঁও বাজারে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। স্থানীয়রা জানান , একটি দোকান থেকে আগুনের সূত্রপাত হয়ে মুহূর্তের মধ্যে আশপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করার পাশাপাশি কলমাকান্দা ফায়ার সার্ভিসে খবর দেন। ভোর ৪টা ৫৫ মিনিটে খবর পেয়ে কলমাকান্দা ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার মোঃ আশরাফুল আলমের নেতৃত্বে দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় ৪০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মধ্যে কামাল হোসেন, শরিফ, ফিরোজ, আব্দুস সাত্তার ও ফারুকের দোকান রয়েছে।
কলমাকান্দা ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার মোঃ আশরাফুল আলম জানান, আগুনে টিনের ঘর ও অবকাঠামোসহ কাপড়ের ছয়টি দোকান পুড়ে গেছে। অগ্নিকাণ্ডে কোন হতাহত হয়নি। প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে আনুমানিক ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে। তিনি আরও জানান, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। তবে অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।
আলোকিত প্রতিদিন /০৩ সেপ্টেম্বর/২০২৬/মওম

