আজ , ।   

শ্রম অধিকার ও শিল্প শান্তি নিশ্চিতে আইএলও-ইন্ডাস্ট্রিয়াল পুলিশের বৈঠক

আরো খবর

নিজস্ব প্রতিবেদক :

বাংলাদেশে শ্রম অধিকার সুরক্ষা, শিল্পখাতে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখা এবং শ্রম-সম্পর্কিত বিষয়ে দীর্ঘমেয়াদি সহযোগিতা জোরদারে আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও) ও বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল পুলিশের মধ্যে মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২ সেপ্টেম্বর) সকালে বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল পুলিশের সদর দপ্তরে আইএলও বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর ম্যাক্স তুনিওন (Max Tuñón) ও সিনিয়র প্রোগ্রাম অফিসার রিফাত জাবীন খান ইন্ডাস্ট্রিয়াল পুলিশের অতিরিক্ত মহাপুলিশ পরিদর্শক গাজী জসীম উদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় ইন্ডাস্ট্রিয়াল পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভায় বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল পুলিশের পক্ষ থেকে একটি উপস্থাপনা দেওয়া হয়। এতে শিল্পাঞ্চলে পুলিশের দৈনন্দিন কার্যক্রম, শ্রমিক ও শিল্পখাতের নিরাপত্তা, শ্রম-সম্পর্কিত বিভিন্ন বিষয় এবং শ্রম বিরোধ প্রতিরোধ ও সমাধানে পুলিশের ভূমিকা তুলে ধরা হয়। পাশাপাশি শিল্পাঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে ইন্ডাস্ট্রিয়াল পুলিশের কার্যক্রমও বিস্তারিতভাবে উপস্থাপন করা হয়।

আলোচনায় শ্রম অধিকার, সামাজিক সংলাপ, কর্মক্ষেত্রে ন্যায়সংগত পরিবেশ এবং শোভন কর্মসংস্থান নিশ্চিতে আইএলওর লক্ষ্য ও ইন্ডাস্ট্রিয়াল পুলিশের দায়িত্বের মধ্যে পারস্পরিক সমন্বয়ের বিষয়টি গুরুত্ব পায়। এ সময় উভয় পক্ষ শ্রমিকদের অধিকার সুরক্ষা, শিল্পখাতে স্থিতিশীলতা বজায় রাখা এবং শ্রম-সম্পর্কিত বিভিন্ন বিষয়ে কার্যকর সহযোগিতার সম্ভাবনা নিয়ে আলোচনা করে। ভবিষ্যতে দীর্ঘমেয়াদি সহযোগিতা ও সমন্বয় আরও জোরদারের বিষয়েও তারা একমত হন।

সংশ্লিষ্টরা মনে করছেন, এই মতবিনিময় আইএলও ও বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল পুলিশের মধ্যে পারস্পরিক বোঝাপড়া বাড়ানোর পাশাপাশি শ্রম অধিকার, শিল্প শান্তি ও স্থিতিশীলতা নিশ্চিত করতে ভবিষ্যৎ সহযোগিতার ভিত্তি তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সভায় ইন্ডাস্ট্রিয়াল পুলিশের ডিআইজি (অপারেশন অ্যান্ড ক্রাইম) আব্দুল্লাহ আল মামুন, ডিআইজি হারুন-উর-রশিদ হাযারী, ডিআইজি (ইন্টেলিজেন্স) রেজাউল হক এবং অতিরিক্ত ডিআইজি (অ্যাডমিন অ্যান্ড ফাইন্যান্স) হাসিবুল আলম উপস্থিত ছিলেন।

আলোকিত প্রতিদিন / এম আর এম

- Advertisement -
- Advertisement -