আজ , ।   

বিদেশের মাটিতে ট্রিপল সেঞ্চুরি করে ইতিহাস গড়লেন তাওহিদ হৃদয়

আরো খবর

স্পোর্টস ডেস্ক :

দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলের করা ৫১২ রানের বিশাল সংগ্রহের পর কঠিন চ্যালেঞ্জের মুখে পড়েছিল বাংলাদেশ ‘এ’ দল। ম্যাচের শুরুতে যেখানে ঘুরে দাঁড়ানোই কঠিন মনে হচ্ছিল, শেষ দিনে সেখানে ব্যাট হাতে পুরো দৃশ্যপট পাল্টে দিয়েছেন অধিনায়ক তাওহিদ হৃদয়।

আগের দিন প্রথম শ্রেণির ক্রিকেটে ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরি তুলে নিয়েছিলেন হৃদয়। তবে তাতেই থামেননি তিনি। চতুর্থ দিনে দক্ষিণ আফ্রিকার বোলারদের ওপর দাপট অব্যাহত রেখে দলকে এগিয়ে নেন প্রথম ইনিংসে লিডের দিকে। একই সঙ্গে গড়ে তোলেন বাংলাদেশের ক্রিকেটে অনন্য এক কীর্তি।

৪৫০ বলে ট্রিপল সেঞ্চুরি পূর্ণ করেন হৃদয়। বাংলাদেশের মাত্র তৃতীয় ব্যাটার হিসেবে প্রথম শ্রেণির ক্রিকেটে ৩০০ রানের মাইলফলক স্পর্শ করেছেন তিনি। তবে সবচেয়ে বড় অর্জন হলো—দেশের বাইরে প্রথম বাংলাদেশি ব্যাটার হিসেবে প্রথম শ্রেণির ক্রিকেটে ট্রিপল সেঞ্চুরি করার নজির গড়েছেন এই ডানহাতি ব্যাটার।

হৃদয়ের ঐতিহাসিক ইনিংসকে বড় ভিত্তি এনে দেন জাকের আলী। পঞ্চম উইকেটে দুজনের ব্যাট থেকে আসে ১৫১ রানের গুরুত্বপূর্ণ জুটি। সেঞ্চুরির খুব কাছে গিয়েও মাত্র ৬ রানের জন্য তিন অঙ্ক ছোঁয়া হয়নি জাকেরের। ১৬৮ বল মোকাবিলা করে ৯৪ রান করেন তিনি।

এরপর মোহাম্মদ সাইফউদ্দিনকে সঙ্গে নিয়ে আরও বড় জুটি গড়েন হৃদয়। ষষ্ঠ উইকেটে তাদের ব্যাট থেকে আসে ১৮৫ রান। ১৭১ বলে ৮৭ রানের কার্যকর ইনিংস খেলেন সাইফউদ্দিন।

এর আগে ম্যাচের প্রথম ইনিংসে দুর্দান্ত ব্যাটিং করে ৫১২ রান সংগ্রহ করে দক্ষিণ আফ্রিকা ‘এ’। লেসেগো সেনোকওয়ানে করেন ১১১ রান, আর সিনেথেম্বা কেশিলের ব্যাট থেকে আসে ১২৮। সেঞ্চুরির দ্বারপ্রান্তে গিয়ে থামেন গ্যাভিন কাপলান, তার সংগ্রহ ৯৭ রান।

দক্ষিণ আফ্রিকার বিশাল সংগ্রহের জবাবে ব্যাট করতে নেমে তৃতীয় দিন শেষে ৬ উইকেটে ৩৭১ রান করেছিল বাংলাদেশ ‘এ’। সেখান থেকে শেষ দিনে অধিনায়ক হৃদয়ের দুর্দান্ত ব্যাটিংয়ে ম্যাচের চিত্রই বদলে যায়। ব্যক্তিগত ট্রিপল সেঞ্চুরির পাশাপাশি দলকেও শক্ত অবস্থানে নিয়ে গেছেন তিনি।

আলোকিত প্রতিদিন / এম আর এম

- Advertisement -
- Advertisement -