মামুন আহমেদ জয় – ঢাকা জেলা প্রতিনিধি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)–এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঢাকার ধামরাইয়ে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) উপজেলা ও পৌর বিএনপির যৌথ উদ্যোগে আয়োজিত কর্মসূচিতে দলটির বিভিন্ন পর্যায়ের বিপুলসংখ্যক নেতাকর্মী ও সমর্থক অংশ নেন।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত শোভাযাত্রাটি ধামরাইয়ের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে এটি সংক্ষিপ্ত সমাবেশে রূপ নেয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-২০ (ধামরাই) আসনের সংসদ সদস্য মো. তমিজ উদ্দিন।
সমাবেশে ধামরাই উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. শামসুল ইসলাম, ধামরাই পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আতিকুর রহমান আতিক, সাধারণ সম্পাদক আশিকুজ্জামান স্বপন এবং সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার মারুফ শিকদারসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।
সমাবেশে বক্তারা বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাজনৈতিক আদর্শ ও জাতীয়তাবাদী চেতনার আলোকে দেশের মানুষের কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। একই সঙ্গে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তারা।
বক্তারা বলেন, দেশের গণতন্ত্র, মানুষের অধিকার ও জাতীয় স্বার্থ রক্ষায় বিএনপির নেতাকর্মীদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। সংগঠনকে আরও শক্তিশালী ও সুসংগঠিত করার ওপরও গুরুত্বারোপ করেন তারা।
আলোকিত প্রতিদিন/এপি

