নিজস্ব প্রতিবেদক: কক্সবাজারের উখিয়ায় অভিযান চালিয়ে দুই লাখ পিস ইয়াবা উদ্ধার করেছে পুলিশ। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারে জড়িত ব্যক্তিরা ইয়াবার চালান ফেলে পালিয়ে যান বলে জানিয়েছে পুলিশ।
আজ মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল ৬টার দিকে উপজেলার পালংখালী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মরাগাছতলা রোহিঙ্গা মার্কেটের সামনে কক্সবাজার-টেকনাফ আঞ্চলিক মহাসড়কের পশ্চিম পাশে এ অভিযান চালানো হয়। বিষয়টি নিশ্চিত করেছেন উখিয়া থানার ওসি আতিকুর রহমান মজুমদার।
উখিয়া থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে উখিয়া থানাধীন ৫নং পালংখালী ইউনিয়নের থাইংখালী বাজার সংলগ্ন তেলের পাম্পের সামনে অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে সন্দেহজনক যানবাহনে তল্লাশি কার্যক্রম শুরু করে পুলিশ । এ সময় পালংখালী বাজারের দিক থেকে একটি সিএনজি চেকপোস্টের দিকে আসতে দেখে থামার সংকেত দেওয়া হয়। এসময় সিএনজির চালক সংকেত অমান্য করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে।
পরবর্তীতে পুলিশ সদস্যরা সরকারি পিকআপযোগে সিএনজিটিকে ধাওয়া করলে সিএনজিতে থাকা চালকসহ দুইজন ব্যক্তি পালংখালী ইউনিয়নের ২নং ওয়ার্ডের মরাগাছতলা রোহিঙ্গা মার্কেটের সামনে কক্সবাজার-টেকনাফ আঞ্চলিক মহাসড়কের পশ্চিম পাশে একটি সাদা প্লাস্টিকের বস্তা ফেলে দ্রুত সিএনজিযোগে পালিয়ে যায়।
উখিয়া থানার ওসি আতিকুর রহমান মজুমদার বলেন, পরবর্তীতে পুলিশ জায়গাটি ঘেরাও করে স্থানীয় স্বাক্ষীদের উপস্থিতিতে ফেলে যাওয়া বস্তা তল্লাশি চালিয়ে ২ লক্ষ পিস ইয়াবা উদ্ধার করে। যার আনুমানিক বাজারমূল্য ৬ কোটি টাকা।
তিনি আরো বলেন, পলাতক অজ্ঞাতনামা দুই আসামির বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হবে। পলাতক আসামিদের পরিচয় শনাক্ত, মাদক পরিবহনে ব্যবহৃত সিএনজি শনাক্ত এবং আসামিদের গ্রেফতারের লক্ষ্যে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।
ওসি আতিকুর বলেন, উখিয়া থানা পুলিশ মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। মাদক ব্যবসা, পরিবহন ও মজুদের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে।
আলোকিত প্রতিদিন/এপি

