নিজস্ব প্রতিবেদক :
ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের আওতায় ধউর মোড় থেকে আশুলিয়া বাজার পর্যন্ত নির্মিত সার্ভিস লেন বুধবার (২ সেপ্টেম্বর) সাধারণ যানবাহনের জন্য খুলে দেওয়া হচ্ছে। প্রকল্পটির আওতায় এটিই প্রথম কোনো অংশ, যা জনসাধারণের চলাচলের জন্য উন্মুক্ত করা হচ্ছে। সার্ভিস লেনটি চালু হলে উত্তরা থেকে আশুলিয়াগামী যানবাহনের চলাচল আরও সহজ ও স্বাভাবিক হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেন ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের পরিচালক মো. শফিকুল ইসলাম। তিনি বলেন, প্রকল্পের আওতায় নির্মিত এই অংশের সুবিধা আগামীকাল থেকেই সাধারণ মানুষ ব্যবহার করতে পারবেন।
এর আগে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের উপপরিচালক ও জনসংযোগ কর্মকর্তা মো. মাসুদ রানা শিকদার জানান, ধউর মোড় থেকে আশুলিয়া পর্যন্ত দুই লেনের দুটি সার্ভিস সেতু যান চলাচলের জন্য খুলে দেওয়া হবে। প্রতিটি সেতুর দৈর্ঘ্য ৩ দশমিক ৭১ কিলোমিটার।
তিনি জানান, বুধবার সকাল ১০টায় ধউর সেতুর ওপর আনুষ্ঠানিকভাবে সেতু দুটি খুলে দেওয়ার অনুষ্ঠান হবে। অনুষ্ঠানে সেতুমন্ত্রী শেখ রবিউল আলম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
প্রকল্পসংশ্লিষ্টরা জানিয়েছেন, তুরাগ নদীর স্বাভাবিক পানিপ্রবাহ যাতে বাধাগ্রস্ত না হয়, সেভাবেই সার্ভিস লেন ও মূল এক্সপ্রেসওয়ের অবকাঠামো নির্মাণ করা হচ্ছে। এ কারণে এলিভেটেড এক্সপ্রেসওয়ের পাশাপাশি স্থানীয় যানবাহনের জন্য পৃথক দুই লেনের সার্ভিস সেতু নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়।
প্রায় ৩ দশমিক ৭১ কিলোমিটার দীর্ঘ এই অংশের সার্ভিস লেনের নির্মাণকাজ গত আগস্টে শেষ হয়। এরই মধ্যে সড়কে পিচ ঢালাই ও রোড মার্কিংয়ের কাজও সম্পন্ন হয়েছে। সার্ভিস লেনটি চালু হওয়ার ফলে ঢাকা ও আশুলিয়ার মধ্যে যানবাহন চলাচলে কিছুটা গতি ফিরবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
আলোকিত প্রতিদিন / এম আর এম

