আজ , ।   

ঘিওরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

আরো খবর

সৈয়দ এনামুল হুদা: মানিকগঞ্জের ঘিওরে উৎসবমুখর পরিবেশে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দিনব্যাপী বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করে ঘিওর উপজেলা বিএনপি।

জানা যায়, সকাল থেকেই উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে বিএনপি এবং এর অঙ্গ-সহযোগী সংগঠনের হাজারো নেতাকর্মী ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড হাতে খণ্ড খণ্ড মিছিল নিয়ে ঘিওরস্থ দলীয় কার্যালয়ের সামনে জড়ো হতে শুরু করেন। নেতাকর্মীদের স্লোগান ও ঢাক-ঢোলের শব্দে চারপাশ মুখরিত হয়ে ওঠে।

বেলা সাড়ে ১১টায় দলীয় কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিনের কর্মসূচি শুরু হয়। এরপর এক বর্ণাঢ্য আনন্দ র‍্যালি বের হয়ে ঘিওর বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়। পরবর্তীতে সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এস. এ. জিন্নাহ কবির বলেন, “বিএনপি দীর্ঘ লড়াই-সংগ্রাম ও জনগণের অধিকার আদায়ের আন্দোলনের মধ্য দিয়ে এ দেশের মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছে। আমাদের এই গৌরবোজ্জ্বল ঐতিহ্য ধরে রেখে দেশের মানুষের কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”

সভায় উপজেলার বিভিন্ন পর্যায়ের শীর্ষ নেতারা দলের দীর্ঘ রাজনৈতিক ইতিহাস, সংগ্রাম ও অর্জনের কথা তুলে ধরে বক্তব্য দেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঘিওর উপজেলা বিএনপির সাবেক সভাপতি মীর মানিকুজ্জামান মানিক, সাবেক সহ-সভাপতি আবু কাউসার রেজা, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জানে আলম, সাবেক সাংগঠনিক সম্পাদক আল মামুন ভূঁইয়া এবং মিজানুর রহমান খান কুদরতসহ উপজেলা বিএনপি ও অঙ্গ-সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।

আলোকিত প্রতিদিন/এপি

- Advertisement -
- Advertisement -