নিজস্ব প্রতিবেদক: কক্সবাজার-টেকনাফ মহাসড়কে চলাচলকারী ‘স্পেশাল পালং সার্ভিস’ পরিবহনের একটি যাত্রীবাহী বাস থেকে ২৪ হাজার ইয়াবা জব্দ করেছে কক্সবাজার সদর মডেল থানা পুলিশ। এ সময় বাসটির চালক ও হেলপারকে আটক করা হয়েছে।
রোববার (৩০ আগস্ট) বিকেলে কক্সবাজার সদর উপজেলার লিংকরোড এলাকায় বাংলাদেশ বেতার কার্যালয়ের সামনের সড়কে অভিযান চালিয়ে বাসটি তল্লাশি করা হয়। এ সময় বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ইয়াবাগুলো উদ্ধার করা হয়। আটক দুজন হলেন বাসটির চালক আখতার হোসেন এবং হেলপার ইয়াসিন আরাফাত।কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, উখিয়া থেকে কক্সবাজার শহরের দিকে আসা ‘স্পেশাল পালং সার্ভিস’-এর একটি বাসে তল্লাশি চালানো হয়। এ সময় বাসটিতে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ২৪ হাজার ইয়াবা জব্দ করা হয়।
ওসি আরও জানান, প্রাথমিকভাবে পাওয়া তথ্যের ভিত্তিতে ইয়াবাগুলো বাসটির চালক ও হেলপার কৌশলে বহন করছিলেন বলে পুলিশের কাছে প্রতীয়মান হয়েছে। এ কারণে তাদের দুজনকে আটক করা হয়েছে।
উদ্ধার ইয়াবার উৎস এবং এ ঘটনার সঙ্গে আরও কারা জড়িত রয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানান তিনি। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
আলোকিত প্রতিদিন/এপি

