শওকত আলী: সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের জন্য নির্ধারিত ওয়ার্ডগুলোতে তীব্র দুর্গন্ধের অভিযোগ উঠেছে। এতে রোগী, রোগীর স্বজন ও চিকিৎসাসেবা নিতে আসা সাধারণ মানুষ চরম ভোগান্তির শিকার হচ্ছেন।
আজ ৩০ আগস্ট ২০২৬ সকাল ১০, ৫৫ মিনিটে ভ্যাকসিন দেওয়ার জন্য সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে এমনই একটি অস্বস্তিকর পরিস্থিতির মুখোমুখি হই। স্বাস্থ্য কমপ্লেক্সের প্রবেশ করার পর
তীব্র দুর্গন্ধ অনুভূত হয়। পরে দ্বিতীয় তলায় রোগীদের ওয়ার্ডগুলোর আশপাশে গিয়ে দেখা যায়, পরিবেশটি অত্যন্ত অস্বাস্থ্যকর ও দুর্গন্ধময়।
প্রশ্ন হচ্ছে যেখানে মানুষ সুস্থ হওয়ার জন্য চিকিৎসা নিতে আসেন, সেখানে এমন দুর্গন্ধ ও অপরিচ্ছন্ন পরিবেশ রোগীদের সুস্থতার পথে কতটা সহায়ক? বরং দীর্ঘসময় এমন পরিবেশে থাকলে রোগী ও স্বজনদের ভোগান্তি আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন অনেকে।
স্বাস্থ্য কমপ্লেক্সে আসা কয়েকজন রোগীর স্বজনও ক্ষোভ প্রকাশ করে জানান, দুর্গন্ধের কারণে ওয়ার্ডে অবস্থান করাই কষ্টকর হয়ে পড়েছে। রোগী দেখতে এসে স্বজনদেরও এই দুর্ভোগের শিকার হতে হচ্ছে।
এদিকে, স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধানের কক্ষে গিয়ে তাকে পাওয়া যায়নি। পাশের কক্ষে থাকা একজনের কাছে জানতে চাইলে তিনি জানান, প্রধান জেলা শহরে রয়েছেন।
কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষের প্রতি অনুরোধ বিষয়টি দ্রুত নজরদারিতে এনে দুর্গন্ধের উৎস চিহ্নিত করুন, পরিচ্ছন্নতা নিশ্চিত করুন এবং রোগীদের জন্য স্বাস্থ্যসম্মত পরিবেশ তৈরি করুন।
একটি হাসপাতাল মানুষের সুস্থতার আশ্রয়স্থল। তাই সেখানে পরিচ্ছন্ন, দুর্গন্ধমুক্ত ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করা অত্যন্ত জরুরি। রোগীর চিকিৎসার পাশাপাশি হাসপাতালের পরিবেশের দিকেও কর্তৃপক্ষের যথাযথ নজর দেওয়া প্রয়োজন।
আলোকিত প্রতিদিন/এপি

