আজ , ।   

TFGBV প্রতিরোধে সাইবার সুরক্ষা আইন ২০২৬ দ্রুত সংশোধনের দাবি

আরো খবর

নিজস্ব প্রতিবেদক

নিরাপদ ও সব শ্রেণির মানুষের জন্য অন্তর্ভুক্তিমূলক ডিজিটাল সমাজ গড়ে তুলতে প্রযুক্তি-নির্ভর জেন্ডারভিত্তিক সহিংসতা (TFGBV) প্রতিরোধে সাইবার সুরক্ষা আইন ২০২৬ দ্রুত সংশোধনের দাবি জানিয়েছে মাল্টিপার্টি অ্যাডভোকেসি ফোরাম (ম্যাফ)।

সোমবার (২৪ আগস্ট) জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।

সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, প্রযুক্তির অপব্যবহারের কারণে বর্তমানে জেন্ডারভিত্তিক সহিংসতা ভয়াবহ রূপ নিয়েছে। ডিপফেক, সেক্সটরশন, সাইবারফ্ল্যাশিং, সাইবারস্টকিং, ডক্সিং এবং দলবদ্ধ অনলাইন হয়রানির মতো অপরাধ ক্রমেই বাড়ছে। এসব অপরাধের বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইন ২০২৬ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেও এতে প্রযুক্তি-নির্ভর জেন্ডারভিত্তিক সহিংসতা (TFGBV) এবং ‘সম্মতি’র সুস্পষ্ট আইনি সংজ্ঞা নেই। ফলে অনেক ক্ষেত্রে ভুক্তভোগীরা যথাযথ আইনি প্রতিকার ও ন্যায়বিচার থেকে বঞ্চিত হচ্ছেন।

বক্তারা আরও বলেন, দেশের বাস্তব চিত্রও উদ্বেগজনক। ‘নারীর প্রতি সহিংসতা জরিপ ২০২৪’-এর তথ্য অনুযায়ী, প্রযুক্তি ব্যবহারকারী নারীদের ৮ শতাংশ জীবনের কোনো না কোনো সময়ে প্রযুক্তি-নির্ভর সহিংসতার শিকার হয়েছেন। ২০ থেকে ২৪ বছর বয়সী নারীদের মধ্যে এ হার সর্বোচ্চ, ১৩ শতাংশ।

অন্যদিকে ‘পুলিশ সাইবার সাপোর্ট ফর উইমেন’-এর তথ্য অনুযায়ী, ২০২৪ সালের সেপ্টেম্বর পর্যন্ত প্রায় ৩০ হাজার ৮০৮ জন নারীকে সাইবার-সংক্রান্ত সহায়তা দেওয়া হয়েছে। এর মধ্যে ৪১ শতাংশ অভিযোগ ছিল ডক্সিং ও সেক্সটরশন-সংক্রান্ত।

সংবাদ সম্মেলনে বক্তব্য দেন সংসদ সদস্য নাদিয়া পাঠান পাপন ও সুলতানা জেসমিন জুই।

এ ছাড়া উপস্থিত ছিলেন ম্যাফের সহসভাপতি ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক সাইদুর রহমান মিন্টু, কেন্দ্রীয় মহিলা দলের দপ্তর সম্পাদক শাহীনুর নার্গিস, যুবদলের প্রশিক্ষণবিষয়ক সম্পাদক ও ম্যাফের প্রজেক্ট ইমপ্লিমেন্ট সেক্রেটারি আরাফাত বিল্লাহ খান, ইডেন মহিলা কলেজ ছাত্রদলের কর্মী ও ম্যাফের অ্যাসিস্ট্যান্ট রিসার্চ সেক্রেটারি হাওয়া আক্তার তোহা, জিওপির (GOP) নেতা মোহাম্মদ আলি তোহা এবং গণসংহতি আন্দোলনের দপ্তর সম্পাদক গোলাম মোস্তফা।

অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন এনসিপির ইনজামুল হক ও ছাত্রদলের নাসরিন রহমান পপি।

সংবাদ সম্মেলনের শেষ পর্যায়ে বক্তারা সরকারের প্রতি আহ্বান জানান, প্রস্তাবিত ছয় দফা সুপারিশ দ্রুত বাস্তবায়নের মাধ্যমে সাইবার সুরক্ষা আইন ২০২৬-কে আরও ভুক্তভোগীকেন্দ্রিক, কার্যকর ও গণমুখী আইনে রূপান্তর করার জন্য।

তাদের মতে, প্রযুক্তির দ্রুত পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্য রেখে আইনি কাঠামো শক্তিশালী করা না হলে অনলাইন পরিসরে নারী ও অন্যান্য ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর নিরাপত্তা আরও হুমকির মুখে পড়তে পারে।

- Advertisement -
- Advertisement -