টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি: কক্সবাজারের টেকনাফে পৃথক দুটি অভিযান চালিয়ে একটি বিদেশি সাবমেশিন গান (এসএমজি) ও ৩২৭ রাউন্ড রাইফেলের তাজা গুলি উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। এ ঘটনায় সামসুন নাহার (১৮) নামে এক নারীকে আটক করা হয়েছে।
কক্সবাজার র্যাব-১৫ এর সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া) পুলিশ সুপার আ. ম. ফারুক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে আজ বিকেলে এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ২৩ আগস্ট বিকেল সাড়ে ৪টার দিকে টেকনাফের হ্নীলা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের কবরস্থান পাহাড় (জাকিরের ডেইল পাহাড়) এলাকায় অভিযান চালায় র্যাব-১৫-এর সিপিসি-১, টেকনাফ ক্যাম্পের একটি দল।
অন্যদিকে, একই দিন সন্ধ্যা ৬টা ৫ মিনিটের দিকে হ্নীলা ইউনিয়নের নয়াপাড়া নিবন্ধিত রোহিঙ্গা ক্যাম্পের এইচ ব্লকের একটি বসতঘরে পৃথক অভিযান চালানো হয়। এ সময় সামসুন নাহারকে আটক করে র্যাব। পরে আইনানুগ প্রক্রিয়ায় তার বসতঘরে তল্লাশি চালিয়ে শয়নকক্ষের মাচার ওপর বিশেষ কায়দায় কালো পলিথিনে মোড়ানো অবস্থায় ৩২৭ রাউন্ড রাইফেলের তাজা গুলি উদ্ধার করা হয়।
র্যাবের তথ্য অনুযায়ী, আটক সামসুন নাহার নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্পের এইচ ব্লকের শেড নম্বর ০৬৮৭, রুম নম্বর ০৬-এর বাসিন্দা। তার বাবার নাম শামসুর আলম।
র্যাব-১৫ জানায়, উদ্ধার করা এসএমজি ও গুলিসহ আটক নারীকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। সীমান্তবর্তী ও পাহাড়ি এলাকায় অবৈধ অস্ত্র ও গোলাবারুদের বিরুদ্ধে গোয়েন্দা নজরদারি জোরদারের পাশাপাশি অভিযান অব্যাহত থাকবে।
আলোকিত প্রতিদিন/এপি

