বিশেষ প্রতিবেদক :
প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফরের দিনক্ষণ চূড়ান্ত করতে ঢাকা ও নয়াদিল্লি কাজ করছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। দুই দেশের পারস্পরিক সুবিধাজনক সময়ে সফরের তারিখ নির্ধারণ করা হবে বলেও জানান তিনি।
সোমবার (২৪ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ে দায়িত্ব বণ্টনের পর নিজ দপ্তরে যোগ দেন নতুন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। পরে একটি বেসরকারি টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে প্রধানমন্ত্রীর ভারত সফরসহ দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়ে কথা বলেন তিনি।
প্রধানমন্ত্রীর ভারত সফরের বিষয়ে হুমায়ুন কবির বলেন, সফরটি নিয়ে বাংলাদেশ ও ভারত কাজ করছে। দুই দেশের সুবিধাজনক সময় বিবেচনায় নিয়ে আলোচনার মাধ্যমে সফরের দিনক্ষণ চূড়ান্ত করা হবে।
বাংলাদেশ ও ভারতের দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়ে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সাম্প্রতিক বক্তব্যকেও ইতিবাচক হিসেবে দেখছেন বলে জানান হুমায়ুন কবির।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, দেশের স্বার্থ অক্ষুণ্ন রেখে কূটনীতিতে ভারসাম্য বজায় রাখা তার অন্যতম দায়িত্ব। বাংলাদেশ ও ভারতের দ্বিপক্ষীয় সম্পর্ক সমতা ও ন্যায্যতার ভিত্তিতে এগিয়ে নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
আলোকিত প্রতিদিন / এম আর এম

