মোহাম্মদ ইয়াসিন,আশুলিয়া : সাভারের আশুলিয়ায় হানি ট্র্যাপচক্রের দুই নারীসহ পাঁচ সদস্যকে গ্রেফতার করেছে আশুলিয়া থানা পুলিশ।
সোমবার(২৪ আগস্ট) সকালে অভিযুক্তদের গ্রেফতারের বিষয় নিশ্চিত করেছেন আশুলিয়া থানার জামগড়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ এস আই রাশেদুজ্জামান্রাশেদ।
এর আগে গত রোববার (২৩ আগস্ট) সকাল থেকে রাত ৮টা পর্যন্ত নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে আশুলিয়ার জামগড়া, ফকিরবাড়ি, ইউনিক, বাইপাইল বসুন্ধরা ও এরফান মার্কেট এলাকায় অভিযান চালিয়ে হানি ট্রাপ ও ফিটিংবাজির অভিযোগে তাদের গ্রেফতার করা হয়।
ভুক্তভোগী মোঃ রাহাত শিকদারের অভিযোগ সূত্রে জানা যায়, মোছাঃ রিয়া আক্তার নামের এক নারী তাকে মিথ্যা কথা বলে ফাঁদে ফেলে ডেকে নেন। পরে রিয়া ও তার সহযোগীরা তাকে জোরপূর্বক অপহরণ করে নির্জন স্থানে আটকে রেখে মারধর করে।
একপর্যায়ে জিম্মি করে ভুক্তভোগীর ব্যাংক হিসাব থেকে ৫৯ হাজার টাকা, বিকাশ থেকে ৪০ হাজার টাকা এবং নগদ থেকে ৮ হাজার টাকাসহ মোট ১ লাখ ৭ হাজার টাকা হাতিয়ে নেয় চক্রটি। পরবর্তীতে ভুক্তভোগী আশুলিয়া থানায় অভিযোগ দায়ের করলে পুলিশ অভিযানে নামে।
পুলিশের প্রাথমিক তথ্যে জানা যায়, এই চক্রটি দীর্ঘদিন ধরে এলাকায় সুন্দরী নারীদের মাধ্যমে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও মোবাইলে যোগাযোগ গড়ে তুলত। পরবর্তীতে অসামাজিক কার্যকলাপ ও ফাঁদে ফেলার (ফিটিং) নাটক সাজিয়ে অপহরণ করে এবং পরিবার বা ভুক্তভোগীর কাছ থেকে লাখ লাখ টাকা আদায় করত। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ইতিপূর্বেও একাধিক অভিযোগ ও মামলা রয়েছে।
আশুলিয়া থানার জামগড়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই রাশেদুজ্জামান রাশেদ আরও জানান, ভুক্তভোগীর সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে গোপন সংবাদে অভিযান চালিয়ে হানি ট্র্যাপ ও অপহরণকারী চক্রের দুই নারী এবং তিন পুরুষ সদস্যকে গ্রেফতার করা হয়েছে।গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন সহ আদালতে প্রেরনের প্রস্তুতি চলছে।
আলোকিত প্রতিদিন/এপি

