টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি: কক্সবাজারের টেকনাফে নাফ নদীতে অভিযান চালিয়ে ৩ কেজি ক্রিস্টাল মেথ (আইস)সহ মিয়ানমারের এক নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি কাঠের নৌকা ও দুটি মোবাইল ফোন জব্দ করা হয়। তবে বিজিবির উপস্থিতি টের পেয়ে নৌকায় থাকা আরও তিনজন পালিয়ে যায়।
শনিবার (২২ আগস্ট) ভোরে টেকনাফ ২বিজিবির সাবরাং বিওপির আওতাধীন এলাকার নাফ নদীতে এ অভিযান চালানো হয়। আটক মো. শাহ আলম (৫০)। মিয়ানমারের মংডুর পুইমালি গ্রামের বাসিন্দা।
টেকনাফ ব্যাটেলিয়ন ২ বিজিবি অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ হানিফুর রহমান ভূঁইয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মিয়ানমার থেকে নাফ নদী দিয়ে মাদকের একটি চালান বাংলাদেশে প্রবেশের খবর পেয়ে সাবরাং বিওপির কাছে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। রাত ১টার দিকে বিজিবির একটি বিশেষ দল ফ্যান্টম বোট নিয়ে নাফ নদীতে অবস্থান নেয়।
পরে সকাল ৭টার দিকে প্রযুক্তিগত পর্যবেক্ষণে মিয়ানমার জলসীমা থেকে একটি কাঠের নৌকা বাংলাদেশের জলসীমায় প্রবেশ করতে দেখে, বিজিবির নৌ-টহল দল নৌকাটিকে থামানোর চ্যালেঞ্জ করলে নৌকায় থাকা তিন ব্যক্তি নদীতে ঝাঁপ দিয়ে সাঁতরে পালিয়ে যায়। এ সময় শাহ আলমকে আটক করা হয়।
পরে নৌকাটিতে তল্লাশি চালিয়ে গোপন কুঠুরি থেকে তিনটি প্যাকেটে রাখা ৩ কেজি ক্রিস্টাল মেথ (আইস) উদ্ধার করা হয়। জব্দ করা হয় একটি কাঠের নৌকা ও দুটি মোবাইল ফোন।
আলোকিত প্রতিদিন/এপি

