আজ , ।   

গিনিতে আবর্জনার স্তূপ ধসে নি*হত ৩০, আ*হত ২২

আরো খবর

আন্তর্জাতিক ডেস্ক :

পশ্চিম আফ্রিকার দেশ গিনিতে প্রবল বর্ষণের মধ্যে আবর্জনার বিশাল স্তূপ ধসে অন্তত ৩০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২২ জন। আহতদের মধ্যে ছয়জনের অবস্থা আশঙ্কাজনক।

রোববার (২৩ আগস্ট) স্থানীয় সময় দুপুর ২টার দিকে রাজধানী কোনাক্রির গিবেসেয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। গিনির সংবাদমাধ্যমগুলোর বরাত দিয়ে ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।

স্থানীয় সূত্রগুলো বলছে, ধসে পড়া আবর্জনার স্তূপটি এতটাই বড় ছিল যে এটি অনায়াসে একটি বহুতল ভবন চাপা দেওয়ার মতো ক্ষমতা রাখে। দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকা স্তূপটি যে কোনো সময় ধসে পড়তে পারে—এমন আশঙ্কায় গিনির সরকার এটি অন্যত্র সরিয়ে নেওয়ার ঘোষণা দিয়েছিল। তবে সেই ঘোষণার এক সপ্তাহ না পেরোতেই ভয়াবহ এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনার পর আবর্জনার নিচে চাপা পড়াদের উদ্ধারে উদ্ধারকারী দলের সদস্যরা এক্সকাভেটর ব্যবহার করেন। ধ্বংসস্তূপ সরিয়ে হতাহতদের উদ্ধারে অভিযান চালানো হয়।

দুর্ঘটনায় পাঁচ সন্তানকে হারিয়েছেন সিরে দিয়োলো নামে এক নারী। সাংবাদিকদের কাছে শোকাহত সিরে বলেন, ‘আমি আমার সব সন্তানকে হারিয়েছি। ঈশ্বরের ওপর ভরসা করা ছাড়া আমার আর কোনো পথ নেই।’

গিনি প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ হলেও দেশটির অবকাঠামোগত অবস্থা দুর্বল। পশ্চিম আফ্রিকার দেশটিতে বিশ্বের অন্যতম বৃহৎ বক্সাইটের মজুত রয়েছে। পাশাপাশি দেশটির লৌহ আকরিকের মজুতও উল্লেখযোগ্য।

প্রচুর খনিজ সম্পদ থাকা সত্ত্বেও গিনি বিশ্বের দরিদ্র দেশগুলোর একটি। বিশ্বব্যাংকের তথ্য অনুযায়ী, দেশটির জনসংখ্যা প্রায় ১ কোটি ৫১ লাখ। এর মধ্যে প্রায় ৩৭ লাখ মানুষ দারিদ্র্যসীমার নিচে বসবাস করেন।

সূত্র: রয়টার্স

আলোকিত প্রতিদিন / এম আর এম

- Advertisement -
- Advertisement -