নিজস্ব প্রতিবেদক :
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব পালনে নিয়ন্ত্রণমূলক অবস্থান থেকে দূরে থেকে নিয়মকানুন ও দায়িত্ব যথাযথভাবে রেগুলেট করার ওপর গুরুত্ব দিয়েছেন নতুন তথ্যমন্ত্রী আন্দালিব রহমান পার্থ। রোববার (২৩ আগস্ট) সকালে সচিবালয়ে মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি বলেন, আমরা অবশ্যই এই মন্ত্রণালয়ের দায়িত্ব রেগুলেট করব। কিন্তু কোনোভাবেই যেন আমরা কন্ট্রোলের দিকে না যাই।
নতুন তথ্যমন্ত্রী বলেন, সরকারের উন্নয়নমূলক ও ইতিবাচক কর্মকাণ্ড সততা ও বিশ্বাসযোগ্যতার সঙ্গে জনগণের কাছে তুলে ধরা মন্ত্রণালয়ের অন্যতম বড় দায়িত্ব। একই সঙ্গে মুক্তিযুদ্ধসহ জাতীয় অর্জনের যেসব বিষয় নিয়ে দেশের মানুষ গর্ব করে, সেগুলোতেও ইতিবাচক প্রভাব রাখার ওপর গুরুত্ব দেন তিনি। আন্দালিব রহমান পার্থ বলেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ তায়ালা অনেক বড় একটা সুযোগ দিয়েছেন। ধন্যবাদ প্রধানমন্ত্রী।
বাংলাদেশের ইতিহাসের অত্যন্ত কঠিন সময়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকার দায়িত্ব নিয়েছে উল্লেখ করে তিনি বলেন, সরকার শতভাগ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। কাজ করতে গিয়ে ভুলত্রুটি হতে পারে, তবে নৈতিকতার জায়গায় তারা শক্ত অবস্থানে রয়েছেন। জুলাই আন্দোলনে গণমাধ্যম ও সংশ্লিষ্টদের ভূমিকার কথাও তুলে ধরেন তথ্যমন্ত্রী। তিনি বলেন, জুলাই আন্দোলনে গণমাধ্যম বা সংশ্লিষ্টদের ভূমিকা কোনোভাবেই খাটো করে দেখার সুযোগ নেই।
তিনি আরও বলেন, বাংলাদেশকে নতুন একটি দিকে নিয়ে যাওয়াই সরকারের লক্ষ্য। এর অংশ হিসেবে অতীতে যেসব ক্ষতি হয়েছে, সেগুলো মেরামতের পাশাপাশি নতুন একটি ব্যবস্থা গড়ে তুলতে চান তারা। আমরা চাই, আমাদের দ্বারা কোনো অন্যায় যেন না হয়। আমরা যাতে আগামীতে ঠিকভাবে কাজ করি এবং সবাই মিলে ভালোভাবে টিমওয়ার্ক করি—বলেন তথ্যমন্ত্রী।
নতুন দায়িত্ব নেওয়ার পর প্রথম কর্মদিবসে রোববার সকাল ৮টা ২০ মিনিটে সচিবালয়ে পৌঁছান আন্দালিব রহমান পার্থ। সেখানে তাকে ফুল দিয়ে স্বাগত জানান মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীরা। পরে সকাল সাড়ে ৯টায় তাদের সঙ্গে শুভেচ্ছা ও মতবিনিময় করেন তিনি। এ সময় প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান, তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী, সচিব মাহবুবা ফারজানাসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আলোকিত প্রতিদিন / এম আর এম

