ক্রাইম রিপোর্টার (মো. জাহিদ হাসান) :
রাজবাড়ীর গোয়ালন্দে দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৮ লাখ ৫৮ হাজার টাকা মূল্যের মাদকসহ চারজনকে গ্রেপ্তার করেছে র্যাব-১০।
২২ আগস্ট শনিবার সকাল সাড়ে ১১টার দিকে গোয়ালন্দঘাট থানাধীন দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় এ অভিযান চালানো হয়। র্যাব-১০-এর ফরিদপুর ক্যাম্পের একটি আভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সেখানে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালায়। এ সময় একটি মোটরসাইকেল ও একটি প্রাইভেটকার থেকে ৯৯ বোতল স্কাফ সিরাপ ও ১৮৭ বোতল ফেয়ারডিল উদ্ধার করা হয়।
অভিযানে মাদক পরিবহনে ব্যবহৃত মোটরসাইকেল ও প্রাইভেটকারের পাশাপাশি ৫টি মোবাইল ফোন ও নগদ টাকা জব্দ করা হয়েছে। উদ্ধার করা মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় ৮ লাখ ৫৮ হাজার টাকা।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—ঝিনাইদহের মহেশপুর উপজেলার বেগমপুর এলাকার মৃত আবুল হোসেনের ছেলে মো. মিলন হোসেন খান (৩৮), একতারপুর এলাকার মৃত হায়দার আলীর ছেলে মো. তরিকুল আহমেদ তারেক (৩৮), ভগবতীতলা এলাকার মৃত আব্দুল মোতালেবের ছেলে মো. শফিকুল ইসলাম (৪৮) এবং বরগুনার আমতলী এলাকার মৃত দেলোয়ার হোসেন খানের ছেলে মো. জুবায়ের হোসেন জুয়েল (৩৫)।
র্যাবের দাবি, গ্রেপ্তার ব্যক্তিরা দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধভাবে বিভিন্ন মাদক সংগ্রহ করে ফরিদপুর, রাজবাড়ীসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিলেন।
র্যাব আরও জানায়, গ্রেপ্তার মিলন হোসেন খানের বিরুদ্ধে একটি এবং তরিকুল আহমেদ তারেকের বিরুদ্ধে তিনটি মাদক মামলা রয়েছে।
এ ঘটনায় উদ্ধার করা মাদকসহ গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের কার্যক্রম প্রক্রিয়াধীন। পরে তাদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হবে।
আলোকিত প্রতিদিন /২২আগস্ট ২০২৬/মওম

