মামুন আহমেদ জয়, ঢাকা জেলা প্রতিনিধি। ঢাকার ধামরাইয়ে বংশী নদী থেকে ছাহেরা খাতুন (৫০) নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহটির গলায় কলসি এবং চোখমুখ বাঁধা ছিল বলে জানিয়েছে পুলিশ।
শুক্রবার (২১ আগস্ট) রাত ১০টার দিকে ধামরাই সদর ইউনিয়নের হাজীপুর গুচ্ছগ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া বংশী নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত ছাহেরা খাতুন হাজীপুর আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দা। তিনি ধামরাই উপজেলার ভাড়ারিয়া ইউনিয়নের বাঙ্গালপাড়া গ্রামের মৃত ইসমাইল হোসেনের মেয়ে।
স্থানীয়রা জানান, শুক্রবার রাতে বংশী নদীতে একটি মরদেহ ভেসে যেতে দেখে তারা পুলিশকে খবর দেন। খবর পেয়ে ধামরাই থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।
ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল হুদা খান বলেন, নদীতে মরদেহ ভেসে যাওয়ার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায়। পরে চোখমুখ ও গলায় কলসি বাঁধা অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়।
তিনি জানান, শনিবার সকালে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর ওই নারীর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলে জানিয়েছে পুলিশ। ঘটনাটি নিয়ে এলাকায় রহস্যের সৃষ্টি হয়েছে।
আলোকিত প্রতিদিন/এপি

