মামুন আহমেদ জয় , ঢাকা জেলা প্রতিনিধি ধামরাই: ঢাকার ধামরাইয়ে ক্লুলেস দুর্ধর্ষ নৌ ডাকাতির ঘটনায় ছয় পেশাদার ডাকাতকে গ্রেপ্তার করেছে ধামরাই থানা পুলিশ। এ সময় ডাকাতির কাজে ব্যবহৃত বিভিন্ন ধরনের দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (২০ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান সাভার সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রাকিবুল হাসান ঈশান।
পুলিশ জানায়, নৌ ডাকাতির ঘটনাটি তদন্তে ধামরাই থানার একটি চৌকস দল তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান শুরু করে। পরে ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, গাজীপুর জেলা এবং গাজীপুর মহানগরীর বিভিন্ন এলাকায় ধারাবাহিকভাবে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ঘটনার সঙ্গে জড়িত ছয়জনকে গ্রেপ্তার করা হয়। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে ডাকাতির সময় ব্যবহৃত বিভিন্ন ধরনের দেশীয় অস্ত্রও উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—মো. মাহাতাব হোসেন (৫২), মো. কামাল হোসেন (৫০), জয়নাল আবেদীন (২৮), আবিদ হাসান আন্না (২৯), আরফান আলীফ ইসলাম ছোটন (২৪) ও মনা খান মনির (৪৫)।
পুলিশের দাবি, গ্রেপ্তার ব্যক্তিরা পেশাদার ডাকাত দলের সদস্য। তাদের প্রত্যেকের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।
পুলিশ আরও জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা করা হয়েছে। পরে তাদের আদালতে পাঠানো হয়েছে।
আলোকিত প্রতিদিন/এপি

