আজ , ।   

জরুরি সেবা ৯৯৯-এ ফোন, মহাখালী থেকে চুরি হওয়া বাস উদ্ধার মিরপুর বেড়িবাঁধে

আরো খবর

জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন পেয়ে রাজধানীর মহাখালী বাস টার্মিনাল থেকে চুরি হওয়া এনা পরিবহনের একটি বাস মিরপুর বেড়িবাঁধ থেকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় বাস থেকে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।

১৯ আগস্ট বুধবার জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর পুলিশ পরিদর্শক ও গণমাধ্যম-জনসংযোগ কর্মকর্তা আনোয়ার সাত্তার এ তথ্য জানান।

তিনি বলেন, বুধবার ভোর ৪টার দিকে ঢাকার তেজগাঁও শিল্পাঞ্চল থানাধীন মহাখালী বাস টার্মিনাল থেকে মাহফুজ নামের এক ব্যক্তি জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করে জানান, টার্মিনালে পার্কিং করে রাখা ৪০ আসনের এনা পরিবহনের একটি বাস চুরি হয়ে গেছে। বাসটিতে সংযুক্ত জিপিএস ট্র্যাকার থেকে তারা দেখতে পাচ্ছিলেন, বাসটি মিরপুর বেড়িবাঁধ এলাকায় চলমান রয়েছে।

আনোয়ার সাত্তার বলেন, ৯৯৯ তাৎক্ষণিকভাবে বাসটি উদ্ধারে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কন্ট্রোলরুম, তুরাগ থানা ও রূপনগর থানাকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য বিষয়টি জানায়। ৯৯৯ নম্বরে কলটি গ্রহণ করেন কলটেকার কনস্টেবল সাখাওয়াত হোসেন। পরে ৯৯৯ পুলিশ ডিসপাচার এসআই আমিনুল ইসলাম কলার এবং সংশ্লিষ্ট থানার সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখেন।

তিনি আরও বলেন, ৯৯৯ থেকে সংবাদ পেয়ে রূপনগর থানার একটি দল মিরপুর বেড়িবাঁধের পঞ্চবটি মোড় থেকে প্রায় ৫০০ গজ উত্তরে ধাওয়া করে এনা পরিবহনের ঢাকা মেট্রো-ব-১৪-৭৩০৯ নম্বরের বাসটি আটক করে। এ সময় বাস থেকে চুরির অভিযোগে দুজনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার দুজন হলেন, মো. রাসেল (২১) ও লালচান (৩০)। রাসেল নরসিংদীর রায়পুর থানার হিঙ্গাতলী এলাকার মো. রবিউল্লাহর ছেলে। তিনি বর্তমানে মহাখালী বাস টার্মিনালে থাকেন। আর লালচানের বাড়ি শেরপুরের ঝিনাইগাতী থানার পাইকড়া এলাকায়। তিনি তেজগাঁও শিল্পাঞ্চল থানাধীন তিব্বত এলাকার আলকাতরা ফ্যাক্টরিতে কাজ করেন।

আনোয়ার সাত্তার বলেন, এ ঘটনায় আইনগত ব্যবস্থার প্রক্রিয়া চলছে।

আলোকিত প্রতিদিন /১৯ আগস্ট ২০২৬/মওম

- Advertisement -
- Advertisement -